মন্ত্রণালয়ের কাজ খতিয়ে দেখতে টিআইবিকে অনুরোধ যোগাযোগমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগ মন্ত্রণালয়ের কাজ খতিয়ে দেখতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) অনুরোধ জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তিনি দাবি করেছেন, তিনি অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করেন। কিন্তু তাঁর বিরুদ্ধে কিছু গণমাধ্যমে অসত্য ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করা হচ্ছে।আজ মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যান সুলতানা কামালের কাছে পাঠানো এক চিঠিতে যোগাযোগমন্ত্রী ওই দাবি করেন। চিঠিতে বলা হয়, টিআইবির কার্যক্রমে সহযোগিতা করতে মন্ত্রণালয়ের অধীনে তিন সচিবকে (সড়ক বিভাগ, রেল বিভাগ ও সেতু বিভাগ) নির্দেশ দেওয়া হয়েছে।চিঠিতে যোগাযোগমন্ত্রী বলেন, ‘আমি আমার কাজ অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করি। সরকারি নীতি, বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করি। কিন্তু বিভিন্ন নামে বেনামে প্রেরিত চিঠি এবং কয়েকটি গণমাধ্যমের অসত্য ও উদ্দেশ্যমূলক সংবাদ যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতি দুর্নীতির অঙ্গুলি নির্দেশ করছে। তাই গত আড়াই বছরে এই মন্ত্রণালয় সম্পর্কে প্রকাশিত নেতিবাচক সংবাদগুলোর (আমি মনে করি, এর সত্যতা নেই) সত্যতা ও যৌক্তিকতা কতটুকু, তা পর্যালোচনার অনুরোধ করছি।’পদ্মা সেতু সম্পর্কে চিঠিতে বলা হয়, ‘পদ্মা সেতু প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে আমরা খুব দ্রুততার সঙ্গে কাজ করছি। কিন্তু বিভিন্ন সময়ে বিশ্বব্যাংকের পরামর্শ ও অনুরোধ রক্ষা করতে গিয়ে কাজ কিছুটা বিলম্বিত হচ্ছে। যোগাযোগ মন্ত্রণালয় যেভাবে স্বচ্ছতাও জবাবদিহির মাধ্যমে প্রক্রিয়া ত্বরান্বিত করেছে, তাতে সরকারের অঙ্গীকার মোতাবেক এ বছরের প্রথমার্ধেই পদ্মা সেতুর দরপত্র আহ্বান করা যেত। কিন্তু বিশ্বব্যাংক ও এডিবিরি মতানৈক্য ও একটি পরামর্শক প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় অনুমোদন প্রকল্পটি বিলম্বিত হচ্ছে।’চিঠিতে যোগাযোগ মন্ত্রণালয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে টিআইবির সার্বিক সহযোগিতা কামনা করা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এ চিঠিটি দেওয়া হয়েছে মন্ত্রীর ব্যক্তিগত প্যাড ব্যবহার করে। বিশেষ বার্তা বাহকের মাধ্যমে চিঠিটি মঙ্গলবারই টিআইবির কার্যালয়ে পৌঁছানো হয়েছে। তবে টিআইবির চেয়ারম্যান দেশে না থাকায় তাঁর দপ্তরে চিঠিটি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা। এ ছাড়া চিঠির একটি অনুলিপি প্রথম আলো কার্যালয়েও পাঠানো হয়েছে।টিআইবির বিবৃতি: যোগাযোগমন্ত্রীর চিঠির পরিপ্রেক্ষিতে টিআইবি গণমাধ্যমের কাছে একটি বিবৃতি পাঠিয়েছে।বিবৃতিতে বলা হয়, মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতার আশ্বাস চাওয়ায় যোগাযোগমন্ত্রীকে ধন্যবাদ। কিন্তু এ ধরনের মূল্যায়নের জন্য যেরূপ তথ্য ও সম্পৃক্ততা প্রয়োজন, তার নিশ্চয়তা ও উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য কার্যপরিধি প্রণয়ন সাপেক্ষে টিআইবি যথাযথ পদক্ষেপ নিতে আগ্রহী।তবে মন্ত্রী মহোদয়ের বক্তব্য অনুযায়ী, ‘কতিপয় গণমাধ্যম’ কর্তৃক ‘যোগাযোগ মন্ত্রণালয়ের কথিত দুর্নীতি’ বিষয়ে ‘অসত্য ও উদ্দেশ্যমূলক’ এবং ‘অসত্য প্রচারণা’র যৌক্তিকতা অনুসন্ধানেরও আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। এতে বলা হয়, গণমাধ্যম সম্পর্কে মন্ত্রী মহোদয়ের এরূপ অবস্থান মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে স্বচ্ছতা সম্পর্কে তাঁর দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।বিবৃতিতে বলা হয়, মন্ত্রী কর্তৃক যোগাযোগ মন্ত্রণালয়ের তিন সচিব বরাবর লিখিত তাঁর অনানুষ্ঠানিক নোট (ইউও নোট) এবং পদ্মা সেতু বাস্তবায়নের প্রক্রিয়ার একটি ঘটনাপঞ্জি সংযুক্ত করার কথা উল্লিখিত হলেও ওই দুটি সংযুক্তির কোনো কপি টিআইবি পায়নি।