মন্ত্রণালয়ের নির্দেশের পরও পুলিশ কর্মকর্তার শাস্তি হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ সদর দপ্তর। এ ব্যাপারে পুলিশ কর্তৃপক্ষের যুক্তিকে মন্ত্রণালয় ‘সময়ক্ষেপণ’ আখ্যা দিয়ে অবিলম্বে সংস্থাপন মন্ত্রণালয়ের অভিযোগ ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে।অভিযুক্ত পুলিশের কর্মকর্তা হচ্ছেন বগুড়া জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ। তিনি সম্প্রতি জাতিসংঘ মিশনে গেছেন।সংস্থাপন মন্ত্রণালয়ের মাঠ শাখা থেকে পাঠানো চিঠিতে জানানো হয়, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেফিনা বেগম গত বছরের ৫ ফেব্রুয়ারি বগুড়া সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করতে গিয়ে সঙ্গে থাকা পুলিশের সহযোগিতা চেয়েও পাননি। এতে বলা হয়, ভ্রাম্যমাণ আদালত বগুড়ার মাটিডালি এলাকার ‘সবুজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ’ নামের কারখানায় নকল সার এবং সার তৈরির কাঁচামাল জব্দ এবং জরিমানা করেন। কিন্তু পুলিশের শিক্ষানবিশ উপপরিদর্শক (টিএসআই) আবদুল ওয়াদুদ জব্দ মালের তালিকা করতে অনীহা প্রকাশ করেন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম আহসান হাবীবের কাছ থেকে সহযোগিতা চাওয়া হলে তিনিও আদালতকে সহযোগিতা করতে রাজি হননি।জানা গেছে, আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা করার কথা থাকলেও অভিযুক্ত সাবেক অতিরিক্ত পুলিশ সুপার উল্টো আইনবহির্ভূতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পুলিশ সুপারের কার্যালয়ে তলব করেন ও জবানবন্দি গ্রহণের জন্য নোটিশ পাঠান।সংস্থাপন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লেখা এক চিঠিতে বলেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার যে নোটিশ দিয়েছেন, তাতে ‘পুলিশ ম্যাজিস্ট্রেসি প্রথাগত শৃঙ্খলা ও সমন্বয় ভঙ্গের’ নজির পাওয়া গেছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনাকালে তাঁদের অসহযোগিতা করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর আচরণ ছিল অসৌজন্যমূলক ও ঔদ্ধত্যপূর্ণ।সংস্থাপন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে জানানো হয়, পুলিশ কর্মকর্তা এ কে এম এহসান উল্লাহ ১৯৪৩ সালের পুলিশ প্রবিধান আইনের ৩০ প্রবিধান এবং ভ্রাম্যমাণ আদালত আইন, ২০০৯ ভঙ্গ করে শৃঙ্খলাপরিপন্থী কাজ করেছেন। এতে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়ে তা সংস্থাপন মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (আইন শাখা) মোহাম্মদ আবু সাঈদ মোল্লা প্রথম আলোকে এ ব্যাপারে বলেন, ওই কর্মকর্তা গুরুতর অপরাধ করেছেন। তিনি ম্যাজিস্ট্রেটের দায়িত্বরত একজন ইউএনওকে বিধিবহির্ভূতভাবে এসপির কার্যালয়ে তলব করেছেন। কয়েক দফা চিঠির পরও পুলিশ সদর দপ্তর তাঁর বিরুদ্ধে অজুহাত দেখিয়ে ব্যবস্থা নিচ্ছে না।সূত্র জানায়, এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩ জুনসহ কয়েক দফা চিঠি পাঠায়। এরপর গত মাসে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়, এ কে এম এহসান উল্লাহ বর্তমানে জাতিসংঘে কর্মরত রয়েছেন। ফিরে এলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।পুলিশ সদর দপ্তরের এই জবাবে অসন্তুষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের আইন শাখা থেকে পুলিশ সদর দপ্তরে পাঠানো এক চিঠিতে বলা হয়, ইন্টারনেট ও ই-মেইলের যুগে জাতিসংঘ মিশনে অবস্থানরত পুলিশ কর্মকর্তা এ কে এম এহসান উল্লাহর বিরুদ্ধে তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব নয় মর্মে পুলিশ সদর দপ্তরের ভাষ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সময়ক্ষেপণ বলে বিবেচিত হয়েছে। চিঠিতে দ্রুত এই কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তরকে।পুলিশ সদর দপ্তরের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা গতকাল প্রথম আলোকে জানান, তাঁরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়েছেন। এ নিয়ে আলোচনা চলছে। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।