মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রধানমন্ত্রী
মন্ত্রিত্ব ছেড়ে শুল্কমুক্ত গাড়ি কেনার সুবিধা নিতে পারেন
সাংসদদের মতো শুল্কমুক্ত গাড়ি কেনার সুবিধা নিতে চাইলে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মন্ত্রিত্ব ছেড়ে তা নেওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীরা সাংসদ হিসেবে শুল্কমুক্ত গাড়ির সুবিধা চাইলে প্রধানমন্ত্রী এ পরামর্শ দেন।বৈঠকসংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা বলেন, তাঁরা শুল্কমুক্ত গাড়ি কেনার সুবিধা পাচ্ছেন না। অথচ সংসদ সদস্য হিসেবে অন্য সাংসদদের মতো তাঁদেরও এ সুযোগ পাওয়া উচিত। মন্ত্রিসভার সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মন্ত্রী হিসেবে আপনারা সরকারি গাড়ি পাচ্ছেন। জ্বালানি তেলও দেওয়া হচ্ছে। তার পরও যদি গাড়ি কিনতে চান, তাহলে শুল্ক দিয়ে কেনেন।’ সূত্র জানায়, তার পরও মন্ত্রীরা বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান প্রধানমন্ত্রীকে। তাঁরা যুক্তি দেখান, মন্ত্রিত্ব না থাকলে সরকারি গাড়ি ফেরত দিতে হয়। কিন্তু শুল্কমুক্ত গাড়ি কিনলে তা নিজের থাকবে। তাই অন্য সাংসদদের মতো তাঁদেরও শুল্কমুক্ত গাড়ি পাওয়া যুক্তিসঙ্গত। জানা গেছে, প্রধানমন্ত্রী তাঁদের এ যুক্তি আমলে নেননি। তিনি বলেন, শুল্কমুক্ত গাড়ি নিতে চাইলে যে কেউ মন্ত্রিত্ব ছেড়ে সাংসদ হিসেবে তা কিনতে পরেন।নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী প্রথম আলোকে জানান, সম্প্রতি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যদাসম্পন্ন ব্যক্তি এবং সাংসদদের শুল্কমুক্ত গাড়ি কেনার ব্যাপারে সরকারি প্রজ্ঞাপন জারি হয়। খসড়া প্রজ্ঞাপনে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যদাসম্পন্নরা সাংসদ হলে এই শুল্কমুক্ত গাড়ি কেনার সুবিধার প্রস্তাব করা হয়। কিন্তু প্রধানমন্ত্রী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদাসম্পন্নদের এই সুবিধার বাইরে রাখার নির্দেশ দেন। ফলে শুধু সাংসদেরা এই সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপন জারি হয়। এ পরিপ্রেক্ষিতে গতকালের বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা শুল্কমুক্ত গাড়ি কেনার সুযোগ চান। প্রসঙ্গত, অষ্টম জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যসহ ৩০০ জন সাংসদ শুল্কমুক্ত গাড়ি কেনার সুযোগ পেয়েছিলেন। ওই সংসদে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুসহ অল্পসংখ্যক সাংসদ শুল্কমুক্ত গাড়ি কিনে ব্যবহার করেছেন। কিন্তু অনেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাংসদ শুল্কমুক্ত সুবিধা নিয়ে গাড়ি কিনে তা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাঁদের অনেকের বিরুদ্ধে মামলাও হয়। অরাজকতা হলে কঠোর ব্যবস্থা: সূত্র জানায়, বৈঠকে বিরোধী দলের হরতাল কর্মসূচি নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী বলেছেন, হরতালের নামে কেউ নৈরাজ্য বা অরাজকতা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিরীহ নাগরিকের ওপর আক্রমণ বা সরকারি কাজে বাধা দেওয়া সহজভাবে নেওয়া হবে না। মানুষের জানমাল রক্ষায় সব রকম ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, তবে স্বাভাবিক ও শান্তিপূর্ণভাবে হরতাল পালন করলে সরকার কোনো বাধা দেবে না। সূত্র জানায়, প্রধানমন্ত্রী বিরোধী দলের কর্মসূচির পরিপ্রেক্ষিতে মন্ত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে এলাকায় দলীয় নেতা-কর্মীদের সতর্ক করার পরামর্শ দেন তিনি। বৈঠকে বিএনপির নেতা মির্জা আব্বাসের বাড়িতে র্যাবের হামলা প্রসঙ্গেও আলোচনা হয়। সূত্র জানায়, প্রধানমন্ত্রী বলেছেন, ‘বিএনপির আমলেই র্যাবের সৃষ্টি। তখন শত শত লোককে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। এ অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। কিন্তু সময় লাগবে, রাতারাতি সম্ভব নয়। তবে বর্তমান মহাজোট সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে।’সূত্র জানায়, জামায়াতের তিন শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীর গ্রেপ্তার নিয়ে আলোচনা হয়। বৈঠকে বলা হয়, সরকারের জঙ্গিবাদবিরোধী অভিযান অব্যাহত থাকবে। দেশকে অস্থিতিশীল করার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না।দ্রুত প্রকল্প বাস্তবায়নের নির্দেশ: সূত্র জানায়, বৈঠকে মন্ত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, নতুন অর্থবছর শুরু হয়েছে। সব প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে। তিনি সংশ্লিষ্ট মন্ত্রীদের বৈঠক করে নিজ নিজ মন্ত্রণালয়ের বরাদ্দ বা প্রকল্প কীভাবে শতভাগ শেষ হয়, তার উপায় বের করার নির্দেশ দেন। তিনি মন্ত্রীদের বলেন, সরকারের প্রায় দুই বছর হয়ে গেছে। এখন আর কেউ নতুন নন। সুতরাং প্রকল্প বাস্তবায়নে কোনো ওজর-আপত্তি শোনা হবে না। সময়মতো কাজ শেষ করতে হবে।