মন্ত্রিত্ব থেকে পদত্যাগের প্রশ্ন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তাঁর পদত্যাগের কোনো প্রশ্ন নেই। তিনি বলেন, আমার পদত্যাগের দাবি তিন বছর ধরে করা হচ্ছে। পদত্যাগের যখন প্রয়োজন হবে তখন করা হবে। এখন পদত্যাগের প্রশ্ন নেই।বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার ৯০তম বছর উদযাপন উপলক্ষে কলকাতায় বাংলাদেশ-ভারতের যৌথ আয়োজিত অনুষ্ঠানে যোগদান শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। সাংবাদিকেরা বাংলাদেশের পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠার প্রসঙ্গ তুলে বিরোধীদের আনা পদত্যাগের দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী এ কথা বলেন। ‘বিদ্রোহী’ কবিতার ৯০তম বছর উদযাপন উপলক্ষে বর্ধমান ও কলকাতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে পদ্মা সেতু হবে। বিশ্বব্যাংক অর্থ না দিলেও বিকল্পভাবে অর্থ জোগাড় করে পদ্মা সেতু নির্মাণ করা হবে।আবুল মাল আবদুল মুহিত বলেন, পদ্মা সেতু নির্মাণের জন্য ২৪ হাজার কোটি টাকা খরচ ধরা হয়েছিল তিন বছর আগে। এখন এই খরচ বেড়ে ২৭-২৮ হাজার কোটি টাকা হতে পারে। মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে জোর দিয়ে বলেন, পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। দুর্নীতির কোনো ঘটনা ঘটেনি।