মন্ত্রিত্ব নয়, যেন চাকরির আমন্ত্রণ: মেনন
মন্ত্রিত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করার বিষয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘প্রস্তাবটি রাজনৈতিক প্রক্রিয়ায় হয়নি। এটা একটা চাকরির প্রস্তাবের মতো হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যেও এটা বেরিয়ে এসেছে। রাজনৈতিক প্রক্রিয়ায় প্রস্তাব এলে না নেওয়ার কোনো কারণ ছিল না।’আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে রাশেদ খান মেনন সাংবাদিকদের এ কথা বলেন। মহাজোটের এই নেতা আরও বলেন, ‘মন্ত্রিত্বের বিষয়টি একটি নীতিনির্ধারণী ব্যাপার। আমন্ত্রণ এল একজন সচিবের কাছ থেকে। এ ধরনের আমন্ত্রণে কোনো সভ্য দেশে কেউ মন্ত্রী হয় কি না আমার জানা নেই। মনে হয়েছে, একটা চাকরির জন্য আমন্ত্রণ করা হয়েছে। আপনি নেবেন কি, নেবেন না।’ অনুষ্ঠানে রাশেদ খান মেনন তাঁর সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন। এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের খোলামেলা উত্তর দেন। রাশেদ খান মেনন দাবি করেন, মহাজোট সরকারের ব্যর্থতার দায়ভার নিতে হবে—এই ভয়ে তিনি মন্ত্রী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেননি। বরং তাঁরা চান বা না চান, সরকারের ভ্রান্তনীতির দায়ভার নিতে হচ্ছে তাঁদের। তিনি আবারও বলেন, ওয়ার্কার্স পার্টি মহাজোটেই থাকছে। তবে সরকারের ভ্রান্তনীতির বিরুদ্ধে সংসদে ও সংসদের বাইরে তাঁদের সমালোচনা অব্যাহত থাকবে। রাশেদ খান মেনন আরও বলেন, ‘মন্ত্রিসভার সম্প্রসারণ বা রদবদল হতেই পারে। একটি রাজনৈতিক দল নির্ধারিত বিষয়ে দলের সর্বোচ্চ ফোরামে আলোচনা করে। জোটের ক্ষেত্রেও একটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হতে হয়। কিন্তু শুরু থেকেই মহাজোটে এই রাজনৈতিক প্রক্রিয়া মেনে চলা হচ্ছে না।’