মন্ত্রিত্ব বড় কথা নয়, দেশ ও জাতির জন্য কী করলাম, সেটাই বড় কথা: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘মন্ত্রিত্ব বড় কথা নয়, মন্ত্রী হয়ে দেশ ও জাতির জন্য কী করতে পারলাম, সেটাই বড় কথা। আমরা কাজের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের যথার্থতা প্রমাণ করতে চাই। আমরা শিক্ষা, সম্পদ ও জ্ঞান-বিজ্ঞানে বাংলাদেশকে উন্নত করতে চাই। এ জন্য সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’ আজ শুক্রবার সিলেটের বিয়ানীবাজার উপজেলায় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ‘শিক্ষা বিস্তারে কেবল বইপত্র সহজীকরণ করলে হবে না। শিক্ষাব্যবস্থার কাঠামোর উন্নয়ন করতে হবে। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রয়োজন যোগ্য নাগরিক। আর জাতিকে যোগ্য করে গড়ে তোলেন শিক্ষকেরা। তাই আমরা শিক্ষকদের আরও অধিক মর্যাদার আসনে বসাতে চাই। তিনি ছাত্র-শিক্ষক সবাইকে শিক্ষা দান ও শিক্ষা গ্রহণে মনযোগী হওয়ার আহ্বান জানান।’উপজেলা প্রশাসন সূত্র জানায়, বিয়ানীবাজারের তেরাদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন সকাল সাড়ে নয়টায় উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় মন্ত্রীর দিনের কর্মসূচি। এরপর পর্যায়ক্রমে কাকরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, বিয়ানীবাজার সরকারি কলেজ শহীদ মিনার, কসবা আদর্শ স্কুল ভবন, শ্রীধরা স্কুল ভবন, নবাং-সুতারকান্দি স্কুল ভবন, মাথিউরা ইউনিয়ন পরিষদ শহীদ মিনার, মাথিউরা স্কুল ভবন, দক্ষিণ মাথিউরা স্কুল ভবন, বেজগ্রাম ফ্লাড সেন্টার, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও দাসউরা উচ্চবিদ্যালয়ের ভবন উদ্বোধন করেন। এরপর ঠিকাদার সমিতি ও বিয়ানীবাজার রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।শিক্ষামন্ত্রীর দিনব্যাপী অনুষ্ঠানে বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবদুল খালিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল ইসলামসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ সময় তাঁর সঙ্গে ছিলেন।