মন্ত্রিত্বের প্রস্তাবে নিয়মের ব্যত্যয় হয়নি: প্রধানমন্ত্রী
মন্ত্রী হওয়ার জন্য প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে কোনো নিয়ম বা শিষ্টাচারের ব্যত্যয় ঘটানো হয়নি। সংসদীয় গণতন্ত্র কার্যকর, এমন সব দেশে মন্ত্রিপরিষদ সচিবই শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান।গতকাল শনিবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তাঁর বক্তব্যের সময় সভাকক্ষ সাংবাদিকদের জন্য উন্মুক্ত ছিল। এরপর প্রধানমন্ত্রী দলের নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। ওই বৈঠকে পদ্মা সেতু প্রকল্পের স্বার্থে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমানকে ছুটিতে পাঠানোর প্রস্তাব, তোফায়েল আহমেদের মন্ত্রিত্ব প্রস্তাব প্রত্যাখ্যানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মন্ত্রিসভা পুনর্গঠন রুটিন (নিয়মিত) কাজ। আমাদের তো অনেক সাংসদ। সবাইকে তো আর মন্ত্রী করা যাবে না। আমরা পুনর্গঠনের চেষ্টা করছি।’ তিনি বলেন, ‘কেউ কেউ প্রশ্ন তুলেছেন। দুজন প্রস্তাব পেয়েও মন্ত্রী হতে চাননি। তাঁদের একজন বলেছেন, তাঁকে সঠিকভাবে ডাকা হয়নি। তবে আমরা নিয়মের কোনো ব্যত্যয় করিনি। আওয়ামী লীগের আগের সরকারের আমলে এবং ২০০৯ সালে মন্ত্রিপরিষদ গঠনের সময় একইভাবে কাজ করেছি।’মন্ত্রিত্বের প্রস্তাব গ্রহণ না করার বিষয়ে গত শুক্রবার রাশেদ খান মেনন বলেছিলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব তাঁকে ফোন করেছেন। কোনো সভ্য দেশে এভাবে মন্ত্রিত্বের প্রস্তাব দেওয়া হয় কি না, তাঁর জানা নেই। এ প্রসঙ্গ উল্লেখ করে শেখ হাসিনা ভারতের সাবেক প্রধানমন্ত্রী আই কে গুজরালের আত্মজীবনী ম্যাটার্স অব ডিসক্রেশন-এর উদাহরণ টানেন। প্রধানমন্ত্রী বলেন, আই কে গুজরাল আত্মজীবনীতে লিখেছেন, তিনি প্রথমবার যখন মন্ত্রী হন, তখন তাঁকে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা ফোন করে শপথ নেওয়ার আমন্ত্রণ জানান। দ্বিতীয়বার মন্ত্রী হওয়ার সময় আই কে গুজরালকে ফোন করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব। শেখ হাসিনা প্রশ্ন করেন, ‘তাহলে ভারত কি সভ্য দেশ নয়?’ তিনি বলেন, যে নেতা বলেছিলেন, তিনি দেখে নিতে পারেন, সভ্য দেশে এভাবে মন্ত্রী হয় কি না।২০০৯ সালে মন্ত্রিসভা গঠনের সময়ের কথা উল্লেখ করে আওয়ামী লীগের প্রধান বলেন, ‘ওই নেতাকে ২০০৯ সালে যখন অনেকে জিজ্ঞেস করেছিলেন, আপনি মন্ত্রী হচ্ছেন কি না? তখন তিনি বলেছিলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের ফোন এখনো পাইনি।’ তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘চাইলে আপনারা সে সময়ের পত্রিকা দেখে নিতে পারেন। সুতরাং মন্ত্রিত্ব গ্রহণ করা না-করা উনার ব্যাপার।’প্রধানমন্ত্রীর বক্তব্যের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম যুক্তরাজ্যে মন্ত্রী নিয়োগের প্রক্রিয়া তুলে ধরেন। তিনি বলেন, সেখানেও প্রধানমন্ত্রীর দেওয়া তালিকা ধরে মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রীদের ডাকেন। মন্ত্রীরা পরে লিখিত শপথ পড়েন। সংসদীয় গণতন্ত্রে সারা বিশ্বেই মন্ত্রীদের শপথের জন্য মন্ত্রিপরিষদ সচিব সরকারের পক্ষে আমন্ত্রণ জানিয়ে থাকেন।বেসরকারি টেলিভিশন চ্যানেলের ‘টক শো’গুলোতে তাঁর সরকারের সমালোচনা করা হয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে চ্যানেলের অনুমতি দিয়েছে। এখন সেসব চ্যানেলে বসে এমন এমন লোক সরকারের বিরুদ্ধে কথা বলেন, ভাবা যায় না। কারও নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ কেউ সরকারের কাছে চ্যানেল চেয়েছিলেন। আমরা দিতে পারিনি। এই ক্ষোভটা মেটানোর জন্য আমাদের চোর বলেন এবং জনগণকে চোর বলার জন্য আহ্বান করেন। উনি তো মুরব্বি মানুষ। আমি যদি বলি, উনি যে মিডিয়া হাউস খুলবেন, টাকা পাবেন কই? চুরি করবেন!’সাবেক আমলাদের অনেকে টক শোতে সরকারের সমালোচনা করেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এক-এগারোর সময় উপদেষ্টা হওয়ার জন্য অনেকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কাছে ধরনা দিয়েছিলেন। অনেকে ১৯৯৬ সালের পর আওয়ামী লীগ সরকারের অধীনে কাজ করেছেন। তাঁদের সবাইকেই তো চেনা। এখন তাঁরা এই সরকারকে পথ দেখান।’ এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, ইউসুফ হোসেন হুমায়ুন, কাজী জাফরউল্লাহ, আখতারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রায় ৭০ জন সদস্য উপস্থিত ছিলেন।মসিউরকে ছুটিতে পাঠানোর প্রস্তাব: সভা-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় পদ্মা সেতু প্রকল্পের স্বার্থে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমানকে তিন মাসের জন্য ছুটিতে পাঠানোর প্রস্তাব দেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। উপস্থিত অন্য নেতারা এ প্রস্তাব সমর্থন করেন।একাধিক নেতা জানান, সৈয়দ আশরাফের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের বিষয়ে ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের ইতিবাচক বার্তা দেওয়ার কথা ছিল। তারা সেটা তো দেয়নি। তাহলে কেন বিনা দোষে একজনকে ছুটিতে পাঠানো হবে?তখন সৈয়দ আশরাফ প্রধানমন্ত্রীকে বলেন, মসিউর রহমানকে ছুটিতে পাঠালে ১৯ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বব্যাংক থেকে ইতিবাচক বার্তা পাওয়া যাবে। এরপর সভা থেকে বিষয়টি প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দেওয়া হয়।তোফায়েল প্রসঙ্গ: সভায় তোফায়েল আহমেদের মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ঘটনা সরকারের জন্য বিব্রতকর বলে সৈয়দ আশরাফ মন্তব্য করেন। এরপর দলের একাধিক নেতা এটাকে কোনো ষড়যন্ত্রের অংশ কি না, তা খতিয়ে দেখার দাবি জানান। একজন নেতা অভিযোগ করেন, এক-এগারোর সময় যাঁদের কথায় সংস্কারবাদী হয়েছিলেন, তাঁদের পরামর্শেই তোফায়েল মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।সাংগঠনিক আলোচনা: সভায় একজন নেতা অভিযোগ করেন, মাহমুদুর রহমান মান্না, সুলতান মোহাম্মদ মনসুর ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ দলীয় পরিচয় ব্যবহার করে বিভিন্ন টেলিভিশনের টক শোতে সরকার ও দলের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। এই তিনজনের দলীয় সাধারণ সদস্যপদ বাতিলের প্রস্তাব উঠলে অন্যরা সমর্থন করেন। এ ছাড়া সাংসদ গোলাম মওলাকে সতর্ক করার প্রস্তাব আসে। এঁদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ভার প্রধানমন্ত্রীকে দেওয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, পরবর্তী বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ গত জুলাই মাসে শেষ হয়েছে। গতকালের সভায় ৩১ জানুয়ারি পর্যন্ত কমিটির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত হয়। ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল করার লক্ষ্য নির্ধারণ করা হয়। এ জন্য ৩০ নভেম্বরের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ের সম্মেলন শেষ করার সিদ্ধান্ত হয় বলে দলীয় সূত্র জানায়। হলমার্ক প্রসঙ্গ: সূত্রগুলো জানায়, কার্যনির্বাহী সংসদের বৈঠকে অংশগ্রহণকারী সব নেতার হাতেই হলমার্ক সম্পর্কে একটি লিখিত কাগজ দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, হলমার্কের উত্থান বিএনপির আমলে। হলমার্কের মালিক তানভীর মাহমুদ বিএনপির আমলে প্রথম সোনালী ব্যাংক থেকে ঋণ পান। তখন ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে। এ ছাড়া সাভারে বিএনপির লোকদের নিয়েই হলমার্ক গ্রুপ সন্ত্রাসী বাহিনী গঠন করে বলে ওই কাগজে উল্লেখ করা হয়।