রাজধানীর কড়াইলে বেহাত হওয়া পৌনে সাত একর সরকারি জমির ব্যাপারে সিদ্ধান্ত নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়েছে আইন মন্ত্রণালয়। বিষয়টি অবহিত করে গণপূর্ত ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কেও চিঠি দেওয়া হয়েছে। আইনমন্ত্রী শফিক আহমেদ স্বাক্ষরিত ওই চিঠি গত সপ্তাহে তিন মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়। এ বিষয়ে শফিক আহমেদ গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, যেহেতু বিষয়টির সঙ্গে বেশ কয়েকটি মন্ত্রণালয় জড়িত, সে জন্যই মন্ত্রিপরিষদ বিভাগকে জানানো হয়েছে।চিঠিতে বলা হয়েছে, কড়াইলে সরকারি জমি বেহাতের বিষয়ে আইন মন্ত্রণালয়, নিবন্ধন পরিদপ্তর, ঢাকার জেলা প্রশাসন, গণপূর্ত অধিদপ্তর এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।চিঠিতে উল্লেখ করা হয়, ১৯৫৭-৫৮ সালে তৎকালীন ডাক ও তার বিভাগের অনুকূলে অধিগ্রহণ করা ১১৬ দশমিক ৭৭ একর জমি থেকে ৯০ একর গণপূর্ত অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। তা থেকে গণপূর্ত অধিদপ্তর ৪৭ একর জমি বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়কে হস্তান্তর করে। চিঠিতে আরও বলা হয়েছে, মহানগর জরিপে পুরো জমিটি ডাক বিভাগের নামে রেকর্ডভুক্ত হয়। এর মধ্যে ভূমি জরিপ অধিদপ্তর অবৈধভাবে পৌনে সাত একর জমি জনৈক ফজলুল করিমের নামে দুবার রেকর্ড করেছে। এর ওপর ভিত্তি করেই ফজলুল করিমের স্ত্রী নাজমা বেগম ও তাঁর ছেলে ওসমান গণি ভুয়া দাতা সেজে জমিটি পপুলার লাইফ ইনস্যুরেন্সের কাছে বিক্রি করেছে। অথচ তদন্তে এটা স্পষ্ট, কড়াইল এলাকায় ব্যক্তিমালিকানাধীন কোনো জমি নেই। সরকারি জমি বেহাতের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে চিঠিতে আরও বলা হয়েছে, মূল্যবান ওই জমি কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান জালিয়াতির মাধ্যমে আত্মসাতের চেষ্টা করছে। এতে সুপারিশ করে আইনমন্ত্রী বলেন, অভিযোগের ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ব্যাখ্যা গ্রহণ করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। একই সঙ্গে সরকারি জমি রক্ষণাবেক্ষণ এবং দুর্নীতি, দায়িত্বহীনতা ও জালিয়াতি রোধে ব্যবস্থা নিতে হবে।