মন্ত্রিপরিষদসহ সাত সচিব পদে রদবদল
মন্ত্রিপরিষদসচিবসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ সাত সচিব পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে নতুন মন্ত্রিপরিষদসচিব করা হয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞাকে। পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব শেখ ওয়াহিদ-উজ-জামানকে করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব।এ বিষয়ে আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশ জারি করা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।উল্লেখ্য, মন্ত্রিপরিষদসচিব ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পদটি কয়েক দিন ধরে শূন্য ছিল।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদকে করা হয়েছে ইআরডি সচিব। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদারকে। স্বরাষ্ট্রসচিব করা হয়েছে পরিকল্পনা বিভাগের সচিব মনজুর হোসেনকে। এছাড়া বিসিএস প্রশাসন একাডেমির মহাপরিচালক (সচিব) ফজলে কবিরকে রেলপথ বিভাগের সচিব এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ভূইয়া সফিকুল ইসলামকে পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।