মন্ত্রিপরিষদের ২৫ বছরের দলিল জাতীয় আর্কাইভসে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ বছর পার হওয়া মন্ত্রিপরিষদ এবং উপদেষ্টা পরিষদের বৈঠকের কার্যবিবরণী, সার-সংক্ষেপ ও বিজ্ঞপ্তির মূল কপি জাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।আজ মঙ্গলবার ১৯৮১ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত সময়কালের মোট ৩১ খণ্ডের এসব দলিল হস্তান্তর করা হয়।২০০৭ সালে রুলস অব বিজনেস, ১৯৯৬ সংশোধন করে ২৫ বছর অতিক্রান্ত মন্ত্রিসভা বৈঠকের কার্যবিবরণী ও সংশ্লিষ্ট কাগজপত্র গোপনীয় শ্রেণীর আওতাবহির্ভূত করে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য জাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে হস্তান্তরের বিধান সংযোজন করা হয়। ওই বিধি অনুযায়ী ২০০৮ সালের ২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ ১৯৭১ থেকে ১৯৮০ সাল পর্যন্ত অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকের কার্যবিবরণী, সার-সংক্ষেপ ও বিজ্ঞপ্তিগুলোর মূল কপি জাতীয় আর্কাইভসে হস্তান্তর করে।হস্তান্তর অনুষ্ঠানে মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূইঞা আশা প্রকাশ করেন, মন্ত্রিপরিষদ বিভাগের দৃষ্টান্ত অনুসরণ করে সরকারের অন্যান্য মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং দপ্তরগুলো ২৫ ও তদূর্ধ্ব সময় অতিক্রান্ত দলিলপত্র বিধি অনুযায়ী জাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে হস্তান্তর করবেন। এতে গবেষক, শিক্ষার্থী এবং অন্যান্য নাগরিক সরকারের কার্যপরিচালনা এবং আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন।আজ দ্বিতীয় দফায় দলিল হস্তান্তরের সময় মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূইঞাসহ মন্ত্রিপরিষদ বিভাগ এবং জাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।