মন্ত্রিসভা ভেঙে দিলেন মিসরের প্রেসিডেন্ট
মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারক তাঁর মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন। গতকাল শুক্রবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন।হোসনি মোবারক বলেন, ‘আমি আমার সরকারের মন্ত্রীদের পদত্যাগ করতে বলেছি এবং কাল (আজ শনিবার) নতুন সরকার গঠন করা হবে।’ দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ শুরুর পর জাতির উদ্দেশে এটাই তাঁর প্রথম আনুষ্ঠানিক ভাষণ।এদিকে গতকাল শুক্রবার সরকারবিরোধী বিক্ষোভে সুয়েজনগরে কমপক্ষে ১৩ জন এবং কায়রোতে পাঁচজন নিহত হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জন। এ ছাড়া এই ঘটনায় শত শত বিক্ষোভকারী আহত এবং অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে মিসরের বিভিন্ন শহরে। বিক্ষোভকারীরা হোসনি মোবারকের দল এনডিপির প্রধান কার্যালয়ে গতকাল আগুন ধরিয়ে দিয়েছে। তারা পররাষ্ট্র মন্ত্রণালয় লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করেছে। সরকার বিক্ষোভ দমাতে রাজধানী কায়রোসহ সারা দেশে কারফিউ জারি করেছে।হোসনি মোবারক জাতির উদ্দেশে দেওয়া তাঁর ভাষণে বলেছেন, আলোচনা ছাড়া সহিংসতার মাধ্যমে পরিবর্তন সম্ভব নয়। তিনি বলেন, মিসরের মানুষের চাওয়া তিনি বোঝেন। জনগণ চায়, প্রেসিডেন্ট দারিদ্র্য, কর্মসংস্থান ও গণতান্ত্রিক সংস্কার নিয়ে কাজ করুক।হোসনি মোবারক গণমাধ্যমের কাছে দেশটির সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘আমরা সংস্কারের বিরোধী নই। আমরা নতুন পদক্ষেপ গ্রহণ করব। যা দেশটির বিচারব্যবস্থা ও জনগণের স্বাধীনতা নিশ্চিত করবে।’ প্রেসিডেন্ট তাঁর ভাষণে মিসরে কর্মসংস্থান সৃষ্টি, জীবনযাত্রার মান উন্নয়নসহ জনকল্যাণমূলক কাজে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মিসরে রাজনৈতিক সংস্কারের আহ্বান জানিয়েছেন। হোসনি মোবারকের ভাষণের কিছুক্ষণ পরই তিনি এ বিবৃতি দেন। বিবিসি, আল-জাজিরা।