মন্ত্রিসভায় উড়াল সড়কের রূপরেখা অনুমোদন
রাজধানীতে যানজট নিরসনে উড়াল সড়ক প্রকল্পে সড়কের রূপরেখা আজ সোমবার মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।আবুল কালাম আজাদ বলেন, প্রকল্পটি সরকারের সঙ্গে যৌথ অংশীদারির ভিত্তিতে বাস্তবায়িত হবে। ২০১১ সালে এর কাজ শুরু হবে এবং শেষ হবে ২০১৩ সালে। তিনি জানান, এ প্রকল্পের আওতাধীন অধিকাংশ জমি সরকারি হওয়ায় কাজ দ্রুত শেষ হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। প্রেস সচিব বলেন, রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রী এ প্রকল্প নিতে যোগাযোগ মন্ত্রণালয়কে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে আজ মন্ত্রিসভায় এর অনুমোদন দেওয়া হয়। উড়াল সড়কটির পথ শাহজালাল আন্তর্জাতিক বিমানন্দর থেকে কুড়িল-বনানী-মহাখালী-তেজগাঁও-সাতরাস্তা-মগবাজার রেল করিডর থেকে কমলাপুর হয়ে খিলগাঁও-গোলাপবাগ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (কুতুবখালীর সামনে) পর্যন্ত।আবুল কালাম আজাদ জানান, উড়াল সড়ক প্রকল্পটি তত্কালীন বাংলাদেশ বিনিয়োগ নির্দেশিকা হিসেবে তালিকাভুক্ত করার জন্য গত বছরের ১৭ জুন অর্থনৈতিক বিষয়-সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে দরপত্র আহ্বান করা হয়। ৪ মার্চ নয়টি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে সমীক্ষা যাচাই প্রস্তাব পাওয়া যায়। এ আবেদন মূল্যায়ন বিষয়ে সুপারিশের জন্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে আহ্বায়ক করে একটি কমিটি করা হয়। কমিটি চারটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে এ কাজের জন্য নির্বাচিত করে।