মন্ত্রিসভায় চারটি আইনের খসড়া অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভা ‘বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল (সংশোধনী) আইন ২০১২’সহ চারটি আইনের খসড়ার অনুমোদন দিয়েছে।বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ বৃহস্পতিবার মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। মন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সচিব এম মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল (সংশোধনী) আইন ২০১২-এর খসড়ায় আইনজীবী অন্তর্ভুক্তিকরণ কমিটিসহ বিদ্যমান আইনের অনেক গুরুত্বপূর্ণ স্থানে সংশোধনী আনা হয়েছে। তিনি জানান, বিদ্যুত্ ও জ্বালানি দ্রুত সরবরাহ (বিশেষ বিধান) আইন ২০১০-এর মেয়াদ গত মাসে শেষ হয়েছে। এই আইনের খসড়ায় এর মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। সচিব আরও জানান, সভায় কুয়েতের সঙ্গে দ্বৈতকর ও রাজস্বনিরোধ পরিহার এবং বেলারুশের সঙ্গে দ্বিপক্ষীয় বিনিয়োগ উন্নয়ন ও সংরক্ষণ চুক্তির খসড়া অনুমোদিত হয়েছে। কুয়েত-সম্পর্কিত দ্বৈতকর পরিহার খসড়ার লক্ষ্য হচ্ছে ওই দেশের সঙ্গে বাণিজ্যসম্পর্ক জোরদার করা ও দুই দেশের মধ্যে বিনিয়োগ পরিবেশের উন্নয়ন। সম্প্র্রতি বেলারুশের প্রধানমন্ত্রীর ঢাকা সফরে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় বিনিয়োগ-সম্পর্কিত চুক্তিতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বাসস।