মন্ত্রিসভার পুনর্মূল্যায়ন প্রয়োজন: সুরঞ্জিত
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মনে করেন, আগামী নির্বাচনের কথা মাথায় রেখে সরকারের উচিত দল, জোট ও মন্ত্রিপরিষদের পুনর্মূল্যায়ন করা। গতকাল শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় সুরঞ্জিত এ কথা বলেন। তাঁর মতে, সরকার-ব্যবস্থার পুনর্মূল্যায়ন প্রয়োজন। একইভাবে মন্ত্রিসভায় পুনর্মূল্যায়ন করে সব কর্মী, ভোটার ও সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।সুরঞ্জিত বলেন, ‘কিছু কিছু নেতার জন্য সরকারের সাফল্য ম্লান হতে বসেছে। অগণিত নেতা-কর্মীর আত্মত্যাগের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। তারা অন্য কোনো কিছুর জন্য এই আত্মত্যাগ করেনি।’ তিনি বলেন, ‘সংকট অতিক্রম করতে দূরদর্শিতা ও দক্ষ নেতৃত্বের দরকার। আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর এই গুণ আছে। আশা করি, নেত্রী অতীতের মতো এবারও সব সমস্যা সমাধান করতে সক্ষম হবেন।’”বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি চিত্রনায়ক ফারুকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাফফর আহমদ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম, আকরাম হোসেন প্রমুখ। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, জনগণ সৎ মানুষকে চিনতে ভুল করে না। তাঁর দাবি, এ নির্বাচন দুটি বড় বিষয় প্রমাণিত করেছে। প্রথমত, সেনাবাহিনী ছাড়াও নির্বাচন সুষ্ঠু হয় এবং দ্বিতীয়ত, এ নির্বাচন দলীয় সরকারের অধীনে হলেও এতে দলীয় হস্তক্ষেপ হয়নি।” গত ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন সেলিনা হায়াৎ আইভী। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শামীম ওসমান পরাজিত হয়ে প্রথমে কারচুপির অভিযোগ তুললেও পরে তা প্রত্যাহার করেন।