মন্ত্রিসভার বৈঠক: ঢাকার সাত অঞ্চলে পর্যায়ক্রমে দোকান বন্ধ থাকবে
রাজধানী ঢাকাকে সাতটি অঞ্চলে ভাগ করে পর্যায়ক্রমে দোকানপাট, বিপণিবিতান বন্ধের দিন নির্ধারণ করেছে সরকার। এতে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে। সরকার আশা করছে, এতে রাজধানীর যানজট কমবে এবং বিদ্যুতের সাশ্রয় হবে।আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। এখন প্রশাসনিক আদেশ দিয়ে সিদ্ধান্তটি কার্যকর করা হবে বলে জানা গেছে। সচিবালয়ের মন্ত্রিপরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন। বৈঠকে বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় একটি শোকরানা প্রস্তাব অনুমোদন করা হয়।সূত্র জানায়, দোকানমালিকদের একাধিক সংগঠন, ঢাকা মহানগর পুলিশ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে পর্যায়ক্রমে দোকানপাট, বিপণিবিতান বন্ধ রাখার প্রস্তাবটি চূড়ান্ত করেছে সরকার।অঞ্চল-১, শুক্রবার পূর্ণ ও শনিবার অর্ধদিবস বন্ধ: এ অঞ্চলের অন্তর্ভুক্ত এলাকাগুলো হচ্ছে বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহরবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, ধোলাইরপাড়, টিপু সুলতান রোড, ধুপখোলা, গেন্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতিবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারীবাজার, চানখারপুল, বঙ্গবাজার এবং গুলিস্তানের দক্ষিণ অংশ।অঞ্চল-২, রোববার পূর্ণ ও সোমবার অর্ধদিবস বন্ধ: এ অঞ্চলে আছে রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।অঞ্চল-৩, বৃহস্পতিবার পূর্ণ ও শুক্রবার অর্ধদিবস বন্ধ: ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাহজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরেরপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশুপার্ক, বিশ্ববিদ্যালয় এলাকা এবং নিউমার্কেট নিয়ে এ অঞ্চল। অঞ্চল-৪, মঙ্গলবার পূর্ণ ও বুধবার অর্ধদিবস বন্ধ: এ অঞ্চলে আছে কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা ও লালমাটিয়া। অঞ্চল-৫, বৃহস্পতিবার পূর্ণ ও শুক্রবার অর্ধদিবস বন্ধ: মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা, টেকনিক্যাল, কল্যাণপুর ও আসাদগেট নিয়ে গঠন করা হয়েছে অঞ্চল-৫। অঞ্চল-৬, রোববার পূর্ণ ও সোমবার অর্ধদিবস বন্ধ: এ অঞ্চলে আছে আগারগাঁও, তালতলা, কাজীপাড়া, পল্লবী, মিরপুরের একাংশ, কাফরুল, মহাখালী, ডিওএইচএস, সেনানিবাস, গুলশান, বনানী, মহাখালী, নাখালপাড়া ও তেজগাঁও। অঞ্চল-৭, বুধবার পূর্ণ ও বৃহস্পতিবার অর্ধদিবস বন্ধ: বাড্ডা, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ারসাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত এলাকা এ অঞ্চলের অন্তর্ভুক্ত।