মন্ত্রিসভার বৈঠকে সরকারের এক বছরের কর্মকাণ্ড পর্যালোচনা
মন্ত্রিসভার আজ বুধবারের বৈঠকে বর্তমান সরকারের এক বছরের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠকে সরকারের এক বছর পূর্তি উপলক্ষে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। খবর বাসসের।পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, সরকারের কর্মকাণ্ডের ওপর বার্ষিক প্রতিবেদন নিয়ে আলোচনাকালে প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয়, কিন্তু সিদ্ধান্তগুলো বাস্তবায়নের মূল দায়িত্ব সচিবদের ওপর। তিনি নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সচিবদের নির্দেশ দেন।মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়ে আলোচনা হয়। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমন্ত্রণে শেখ হাসিনা ১০ জানুয়ারি ভারত সফরে যাবেন। প্রধানমন্ত্রীর ভারত সফরকালে কোন কোন বিষয়ে আলোচনা হবে, তা মন্ত্রিসভাকে অবহিত করা হয়। মন্ত্রিসভার সদস্যরা এ বিষয়ে তাঁদের মতামত ব্যক্ত করেন। তিনি তাঁর আসন্ন ভারত সফর প্রসঙ্গে বলেন, উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।বৈঠকে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব এবং সংশ্লিষ্ট সচিব ও প্রধানমন্ত্রীর প্রেসসচিব উপস্থিত ছিলেন।