মন্ত্রিসভার বৈঠকের ব্রিফিংয়েও ডাকা হয়নি সাংবাদিকদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে নিয়মিত সাংবাদিকদের ডাকা হলেও গতকাল বৃহস্পতিবার ছিল এর ব্যতিক্রম।প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ের জন্য প্রথমবারের মতো সাংবাদিকদের ডাকা হয়নি।তবে শুধু সরকারি পরিচালনাধীন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ সংবাদ সংস্থা এবং বেসরকারি সংবাদ সংস্থা ইউএনবি ও অনলাইন সংবাদপত্র বিডিনিউজ ২৪ ডটকম ওই বৈঠকের ব্রিফিংয়ে উপস্থিত থাকার সুযোগ পেয়েছে।সাধারণভাবে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হলে তথ্য অধিদপ্তর থেকে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে হলে প্রেস শাখা থেকে বৈঠকের আগে সাংবাকিদের জানানো হতো। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বৈঠক বিষয়ে ব্রিফিং করেন।জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব গতকাল প্রথম আলোকে বলেন, গতকাল ব্রিফিং হয়েছে। পাঁচ-ছয়জন সাংবাদিক ছিলেন। সচিব বলেন, ‘ব্রিফিং করার দায়িত্ব আমার, কিন্তু সংবাদ সংগ্রহের জন্য কাদের কাদের আমন্ত্রণ জানানো হবে, তা আমার জানা নেই।’বিষয়টি সম্পর্কে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অবস্থান জানার জন্য গতকাল রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদকে ফোন করে পরিচয় দেওয়ার পর তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। প্রসঙ্গত, তিন দিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন অনুষ্ঠানের সংবাদ সংগ্রহের জন্য আগের মতো সাংবাদিকদের ডাকা হচ্ছে না। গত দুই দিন জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকেরা বিষয়টি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেছিলেন, এ ব্যাপারে সরকারের আনুষ্ঠানিক কোনো নির্দেশনা নেই। অনানুষ্ঠানিক নির্দেশনা আছে কি না, জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেছিলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।এ প্রসঙ্গে জানতে চাইলে গতকাল তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন অনুষ্ঠানের সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের না ডাকার কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি, কোনো নিষেধাজ্ঞাও নেই। এ বিষয়ে কোনো প্রজ্ঞাপনও জারি করা হয়নি। কেন ডাকা হচ্ছে না, সে বিষয়ে আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে আলাপ করে বিস্তারিত মিডিয়াকে জানাব।’তথ্যমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রণালয়ের সব সংবাদ সংগ্রহ করে জাতিকে অবগত করার বিষয়ে সরকারের কোনো বাধা নেই, থাকবেও না, সে বিষয়টি আমি নিশ্চিত করে বলতে পারি।’