মন্ত্রিসভায় উড়াল সড়কের রূপরেখা অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যানজট নিরসনে উড়াল সড়কের (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) রূপরেখা অনুমোদন করেছে মন্ত্রিসভা। এটি সরকারি-বেসরকারি অংশীদারিমূলক প্রকল্প (পিপিপি) হিসেবে বাস্তবায়িত হবে। মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪ হাজার কোটি টাকা। ২০১১ সালে এর কাজ শুরু হয়ে শেষ হবে ২০১৩ সালে।গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী বলেন, এ প্রকল্পের অধিকাংশ জমি সরকারি হওয়ায় কাজ দ্রুত শেষ হবে এবং ভূমি অধিগ্রহণের পরিমাণও কম হবে।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রী এ প্রকল্প নিতে যোগাযোগ মন্ত্রণালয়কে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভা এর অনুমোদন দেয়। প্রেস সচিব বলেন, উড়াল সড়কটির পথ হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুড়িল-বনানী-মহাখালী-তেজগাঁও-সাতরাস্তা-মগবাজার রেল করিডর থেকে কমলাপুর হয়ে খিলগাঁও-গোলাপবাগ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (কুতুবখালীর সামনে) পর্যন্ত।প্রেস সচিব জানান, উড়াল সড়ক প্রকল্পটি তৎকালীন বাংলাদেশ বিনিয়োগ নির্দেশিকা হিসেবে তালিকাভুক্ত করার জন্য গত বছরের ১৭ জুন অর্থনৈতিক বিষয়-সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে দরপত্র আহ্বান করা হয়। ৪ মার্চ নয়টি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে সমীক্ষা যাচাই প্রস্তাব পাওয়া যায়। এ আবেদন মূল্যায়ন বিষয়ে সুপারিশের জন্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে আহ্বায়ক করে কমিটি করা হয়। কমিটি চারটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে এ কাজের জন্য নির্বাচন করে। যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকায় ৩২ দশমিক ৫ কিলোমিটার উড়াল সড়ক নির্মাণে প্রাথমিকভাবে চারটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে বাংলাদেশ সেতু বিভাগ। এই চার প্রাক-যোগ্যতাসম্পন্ন প্রতিষ্ঠান হচ্ছে থাইল্যান্ডভিত্তিক ইতালি-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড, সিকদার রিয়েল এস্টেট (বাংলাদেশ)-কেসিসি (দক্ষিণ কোরিয়া), ভারতভিত্তিক গ্যামন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট লিমিটেড-বয়েজাজ ট্রাভু পাবলিকস এসএ কনসোর্টিয়াম (যৌথভাবে), চীনা রেলওয়ে ইন্টারন্যাশনাল লিমিটেড।জানা গেছে, প্রস্তাবিত উড়াল পথ চার লেন হবে। টোলের বিনিময়ে এর ওপর দিয়ে যানবাহন চলাচল করবে। সরকার ঠিকাদারি প্রতিষ্ঠানকে ভূমি দেবে। ঠিকাদার নিজের অর্থে তা নির্মাণ করবে। চুক্তি অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের পর সরকারের কাছে মালিকানা হস্তান্তর করবে।