মন্ত্রিসভায় এসপিও গঠনের প্রস্তাব অনুমোদন
গণপরিবহনব্যবস্থার অংশ হিসেবে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) পরিচালনার জন্য স্পেশাল প্রজেক্ট অরগানাইজেশন (এসপিও) গঠনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। ঢাকা মহানগরের যানজট নিরসনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের একটি সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।মোশাররফ হোসেন জানান, প্রকল্পটি বাস্তবায়ন করতে মোট দুই কোটি ৪০ লাখ ডলার ব্যয় হবে। এডিবি, সরকারসহ কয়েকটি দাতব্য সংস্থা এই প্রকল্পে অর্থায়ন করবে। প্রকল্পের মেয়াদ থাকবে ২০১২ জুলাই থেকে ২০১৫ জুন পর্যন্ত। এর আওতায় এলিভেটেড এক্সপ্রেসসহ কয়েকটি লেনবিশিষ্ট রাস্তার প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতি ঘণ্টায় ২০ থেকে ২৫ হাজার যাত্রী চলাচল করতে পারবে।অন্যদিকে, মেম্বার্স অব দ্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (টার্মস অ্যান্ড কন্ডিশনস অব সার্ভিস অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট ২০১২-এর খসড়া আইনও মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। তাতে বলা হয়েছে, পিএসসি চেয়ারম্যানের বেতন হবে মন্ত্রিপরিষদসচিবের সমান এবং এর সদস্যদের বেতন হবে একজন সচিবের বেতনের সমান।এ ছাড়া ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেরিটাইম ইউনিভার্সিটি ২০১২’-এর খসড়া আইনটিও অনুমোদন করা হয়েছে। আগে এটি নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হতো। এখন পরিচালিত হবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে।