মন্ত্রিসভায় গ্রামীণ ব্যাংক আইনের চূড়ান্ত অনুমোদন
গ্রামীণ ব্যাংক (সংশোধন) আইন ২০১২ খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এ খসড়াটি আগামী সংসদ অধিবেশনে তোলা হবে। সংশোধনী অনুযায়ী, ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সঙ্গে পরামর্শ করে সিলেকশন কমিটি গঠন করবেন। ওই কমিটি তিনজনের প্যানেল তৈরি করবে। পর্ষদ সেখান থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে এমডি নিয়োগ করবে। এর ফলে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে ব্যাংকের পরিচালনা পর্ষদের বিদ্যমান ক্ষমতা আর থাকছে না। অর্থাত্ সরকার নিযুক্ত চেয়ারম্যানের ক্ষমতা বাড়িয়ে দায়িত্ব সুনির্দিষ্ট করা হয়েছে।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এছাড়াও বৈঠকে ওয়াকফ (সম্পত্তি হস্তান্তর উন্নয়ন) বিশেষ বিধান আইন ২০১২ খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিকি) কর্তৃক বাস্তবায়িত চারটি দারিদ্র্য বিমোচন সমাপ্ত প্রকল্পের সমন্বয়ে (ক্ষুদ্র, মাইক্রো ও কুটির শিল্প) ফাউন্ডেশন গঠনের প্রস্তাব অনুমোদন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন ২০১২ খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। আজকের মন্ত্রিসভার বৈঠকে ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) (দ্বিতীয় সংশোধন) আইন ২০১২ খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। আইনে দুইটি সংশোধন প্রস্তাব করা হয়েছে। প্রথম প্রস্তাবে বলা হয়, ট্রাইব্যুনাল যেদিন রায় দেবেন, সেদিনই রায়ের সার্টিফায়েড কপি বিবাদী পক্ষকে দেয়া হবে আর দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। আগের বিধান অনুযায়ী রায় হওয়ার ৬০দিনের মধ্যে আপিল করা যেত। মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূইঞা বলেন, বিচার বিভাগকে ত্বরান্বিত করতেই এ প্রস্তাব করা হয়েছে।