মন্ত্রিসভায় জাতীয় হজনীতি অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভা জাতীয় হজনীতি (২০১০-২০১৪) সংশোধন ও হজ প্যাকেজ-২০১১ অনুমোদন করেছে। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ পাঁচ হাজার—মোট এক লাখ ২০ হাজার ব্যক্তি হজ পালনের জন্য সৌদি আরবে যাবেন।আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। খবর: বাসস।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, গত ২ মার্চ বাংলাদেশ ও সৌদি আরব সরকারের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী এক লাখ ২০ হাজার বাংলাদেশি নাগরিক হজ পালনের জন্য সৌদি আরব যাবেন।সরকারি ব্যবস্থাপনায় যাঁরা হজ করবেন, তাঁদের দুই লাখ ৫৯ হাজার ৪২ টাকা খরচ হবে। প্রত্যেক হজযাত্রী তাঁদের সঙ্গে করে ৩০ হাজার টাকা পর্যন্ত নিতে পারবেন। হজযাত্রীদের বিমান ভাড়া বাবদ এ বছর খরচ হবে এক লাখ ১০ হাজার ৯৫০ টাকা এবং বাড়ি ভাড়া বাবদ খরচ হবে এক লাখ ৯ হাজার ৮০ টাকা। মক্কায় পবিত্র হারাম শরিফ থেকে যাঁরা দুই কিলোমিটার দূরে থাকবেন, তাঁদের যাতায়াতের জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। এবার ৪৫ জন হাজির জন্য এক জন করে গাইড থাকবেন। গত বছর ছিল প্রতি ৬০ জনের জন্য এক জন করে গাইড।মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ রাবার বোর্ড আইন-২০১১-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। বর্তমানে ৯৩ হাজার ৯৮৫ একর জমিতে রাবার চাষ করা হচ্ছে। বৈঠকে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট সচিবেরা ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব উপস্থিত ছিলেন।