মন্ত্রিসভায় পারিবারিক সহিংসতা আইন অনুমোদন
পরিবারের সদস্যদের দ্বারা নির্যাতিত নারীদের ন্যায়বিচার নিশ্চিত করতে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।আইন অনুযায়ী, কোনো নারী পরিবারের সদস্যদের দ্বারা নির্যাতনের শিকার হলে আদালত তাঁকে সুরক্ষার আদেশ দেবেন। আদালতের দেওয়া এ সুরক্ষার আদেশ লঙ্ঘন করলে অনূর্ধ্ব ছয় মাস কারাদণ্ড অথবা ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের ব্যবস্থা থাকছেএই আইনে। সুরক্ষা আদেশ দ্বিতীয়বার লঙ্ঘন করলে অনূর্ধ্ব এক বছর কারাদণ্ড অথবা ২০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আইনটির বিষয়ে উদ্যোগ নিয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠকে আইনটির নীতিগত অনুমোদন দেওয়া হয়। আইন মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আইনটি মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পাবে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস-সচিব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন সম্পর্কে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, পরিবারের সদস্যদের দ্বারা নারী শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হলে এ আইন প্রযোজ্য হবে। এ ছাড়া এ আইন প্রতিবন্ধীদেরও আইনি সহায়তা দেবে বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রিসভায় আইনটি নীতিগত অনুমোদন পাওয়ায় নারী ও মানবাধিকার কর্মীরা একে সরকারের ইতিবাচক পদক্ষেপ বলে প্রশংসা করেছেন। তবে তাঁরা আইনটির সঠিক বাস্তবায়ন চান। এ ব্যাপারে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, নারী আন্দোলনের অগ্রসর পদক্ষেপ হলো এ ধরনের যুগোপযোগী একটি আইন পাস হওয়া। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ জানান, আগে নারীরা নির্যাতনের শিকার হতো এবং তাদের ঘর থেকে বের করে দেওয়া হতো। এ আইনে নির্যাতনের শিকার নারীকে বাড়ি বা ঘরে রেখেই সুরক্ষা দেওয়া হবে। গৃহকর্মীদের এ আইনে অন্তর্ভুক্ত করা হয়নি বলে তিনি জানান। ‘আমরাই পারি’ পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের কো-চেয়ারম্যান এম বি আখতার বলেন, আগে নির্যাতন বলতে শুধু শারীরিক নির্যাতনকে বোঝানো হতো, মানসিক নির্যাতনের বিষয়টি গুরুত্ব পেত না। এ আইনের সংজ্ঞায় মানসিক নির্যাতনও যে একটি নির্যাতন তা স্পষ্ট করা হয়েছে। তিনি বলেন, তাই শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, সঠিক বিধিমালা তৈরি করে আইনটির সঠিক বাস্তবায়নে সরকারকে মনোযোগী হতে হবে।এ ছাড়া গতকালের বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় গঠিত জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড আইন এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে নীতিগত অনুমোদন দেওয়া হয়। তথ্য অধিকার (সংশোধন) আইন আরও যাচাই-বাছাইয়ের জন্য প্রত্যাহার করে নেওয়া হয়।প্রধানমন্ত্রীর প্রেস-সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে জনগণের জানমাল রক্ষা করতে হবে। সে জন্য জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড আইন প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এ তহবিলের জন্য ৭০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পারিবারিক সহিংসতা আইনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে আবুল কালাম আজাদ বলেন, পারিবারিক নির্যাতন একটি সামাজিক সমস্যা। এটি একপর্যায়ে জাতীয় সমস্যায় রূপ নেয়। পারিবারিক নির্যাতন বন্ধ করার লক্ষ্যেই এ আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ। বিশ্বের ৮৯টি দেশে এ ধরনের আইন আছে বলে জানান তিনি। মাংস রপ্তানির ক্ষেত্রে কোনো ধরনের জটিলতায় যেন না পড়তে হয়, সে জন্য পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন হচ্ছে বলে জানান আবুল কালাম আজাদ। তিনি বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে হালাল মাংসের চাহিদা রয়েছে। আমাদের দেশে যেভাবে পশু জবাই হয় তাতে মাংসের মান নিয়ন্ত্রণ হয় না। মান নিয়ন্ত্রণ করা গেলে অনেক দেশে তা রপ্তানি করা সম্ভব হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবেরা উপস্থিত ছিলেন।