মন্ত্রিসভায় বাংলাদেশ ও স্পেনের মধ্যে সহযোগিতা চুক্তি অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও স্পেনের মধ্যে সংস্কৃতি, শিক্ষা এবং বৈজ্ঞানিক সহযোগিতা চুক্তির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এ ছাড়াও বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপক্ষীয় পুঁজি বিনিয়োগ, উন্নয়ন ও সংরক্ষণের চুক্তি স্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সফরকালে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চুক্তিটি স্বাক্ষরিত হবে।আবুল কালাম আজাদ আরও জানান, জাপান সফর সফল হওয়ায় বৈঠকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে জাপানকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন।বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় পুঁজি বিনিয়োগ, উন্নয়ন ও সংরক্ষণ চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়।এ ছাড়া শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ১৬ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত জেনেভা এবং ৯ থেকে ১২ অক্টোবর পর্যন্ত যুক্তরাজ্য সফরের বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করেন।বৈঠকে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব ও সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।