মন্ত্রিসভায় সরকারি কর্মচারী আইনের খসড়া অনুমোদন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মচারী আইন ২০১০-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। তবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতন ও অন্যান্য সুবিধা আইন ১৯৭৩ ও ১৯৭৫-এর সংশোধনী প্রস্তাব প্রত্যাহার করা হয়। প্রস্তাবটি মন্ত্রিসভার পরবর্তী কোনো বৈঠকে আবারও তোলা হবে। এ ছাড়া আজ ন্যাশনাল সার্ভিস মাধ্যমিক এবং এর চেয়ে বেশি শিক্ষাগত যোগ্যতার যুবক ও নারীদের অস্থায়ী কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন নীতিমালায় গোপালগঞ্জকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ মত্স্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে মত্স্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে আরও দুটি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এগুলো হচ্ছে বাংলাদেশ পর্যটন বোর্ড আইন ২০০৯ ও ইন্টারন্যাশনাল লং ডিসট্যান্স টেলিকমিউনিকেশন সার্ভিসেস পলিসি ২০০৯।এ ছাড়া বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাইতিতে শিগগিরই ওষুধ ও ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে একটি দল শিগগিরই হাইতি রওনা হবে। বৈঠকে হাইতির ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে একটি শোক প্রস্তাবও আনা হয়।আজ বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ এসব কথা জানান।আজকের বৈঠকে প্রধানমন্ত্রীর ভারত সফর সব দিক থেকে সফল উল্লেখ করে মন্ত্রিসভায় একটি ধন্যবাদ প্রস্তাবও আনা হয়। এ ছাড়া ইন্দিরা গান্ধী পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়।