মন্ত্রিসভায় ২০১১ সালের ছুটির তালিকা অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভা আজ সোমবার দুপুরে আগামী বছরের ছুটির তালিকা অনুমোদন করেছে। ২০১১ সালে সরকারি ছুটি রয়েছে মোট ১১ দিন। এর মধ্যে নির্বাহী আদেশে আট দিন ও ঐচ্ছিক ছুটি তিন দিন আছে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৭তম বৈঠকে এ তালিকার অনুমোদন হয়। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বলেছেন, বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানান। তিনি বলেন এতে আমাদের খেলোয়াড়েরা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে। বৈঠকে মন্ত্রিসভার নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতিবিষয়ক প্রতিবেদন পেশ করা হয়। মন্ত্রিসভার সদস্যরা জানান, এ পর্যন্ত মন্ত্রিসভায় ৪১১টি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে, আইন অধ্যাদেশ হয়েছে ১৪১টি, আইন পাস হয়েছে ১২৬টি ও প্রক্রিয়াধীন আছে ২২টি। এ ছাড়া সংসদে আরও ২২টি আইন উপস্থাপন করা হবে। আর বিভিন্ন মন্ত্রণালয়ে অনুমোদন পর্যায়ে আছে ১৩টি।বৈঠকে আরও জানানো হয়, এ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৫৫৪টির মধ্যে বাস্তবায়ন হয়েছে ৪৮৮টি। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে একই সময়ে ২৯২টি সিদ্ধান্ত নেওয়া হয়। আইন পাস হয় ৬৯টি।প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ আরও জানান, বৈঠকে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত বাংলাদেশ-ইন্দোনেশিয়া যৌথ কমিশনের দ্বিতীয় সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ-সংক্রান্ত প্রতিবেদন মন্ত্রিসভাকে অবহিত করা হয়। এ ছাড়া নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে অংশগ্রহণ-সংক্রান্ত প্রতিবেদন মন্ত্রিসভাকে অবহিত করা হয়। বৈঠকে সোসাইটি রেজিস্ট্রেশন অধ্যাদেশ (সংশোধন আইন ২০১০) উত্থাপন করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।