মন্ত্রী আবুল হোসেনের প্রতিবাদ
পদ্মা সেতুর বিষয়ে ২০ জুন প্রথম আলোতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। এই প্রতিবেদন সম্পর্কে মন্ত্রী বলেন, তাঁর সম্পর্কে বা তাঁকে সম্পৃক্ত করে, বিশেষ করে কমিশন চাওয়া নিয়ে যা লেখা হয়েছে, তা ভিত্তিহীন, অসত্য, মনগড়া ও উদ্দেশ্যমূলক।মন্ত্রীর বক্তব্যের প্রাসঙ্গিক অংশ প্রকাশ করা হলো।সাবেক যোগাযোগমন্ত্রী প্রতিবাদপত্রে বলেন, এসএনসি-লাভালিনকে কাজ পাইয়ে দেওয়ার ব্যাপারে তিনি কারিগরি মূল্যায়ন কমিটির কাছে কোনো তদবির করেননি বা কাজ দেওয়ার জন্য কাউকে বলেননি। এসএনসি-লাভালিন ও এর প্রতিনিধির সঙ্গে অনৈতিক বিষয় নিয়ে তাঁর কোনো কথা কখনো হয়নি।আবুল হোসেন বলেন, ‘আমি যোগাযোগমন্ত্রী ছিলাম। সে কারণে কানাডার প্রাক্তন রাষ্ট্রদূত দুইবার এসএনসি-লাভালিন বিষয়ে আমার সাথে দেখা করেছেন। প্রাক্তন ব্রিটিশ হাইকমিশনার ও জাপানের রাষ্ট্রদূতও দেখা করেছেন। তাদের রেফারেন্সে বিভিন্ন দরদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিও আমার সাথে বিভিন্ন সময়ে দেখা করেছেন। আমি এদের সবার সাথে বিভিন্ন সময়ে যখন দেখা করেছি, তখন সেতু বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে কথা বলেছি। কখনো একা কারও সাথে দেখা করিনি, কথা বলিনি। এসএনসি-লাভালিনের প্রতিনিধিরাও অন্যান্য দরদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতো আমার সাথে দেখা করেছেন। আমি তাদের বক্তব্য শুনেছি। তাদের বলেছি, আইন ও নিয়মানুযায়ী তারা যোগ্য বিবেচিত হলে এবং আমার পর্যায়ে উপস্থাপিত হলে আমি বিষয়টি দেখব, যাতে তাদের প্রতি কোনো অবিচার না হয়। মন্ত্রী হিসেবে এর বেশি কোনো কথা আমি তাদের বলিনি।’বর্তমানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবুল হোসেন আরও বলেন, এর আগেও প্রথম আলোসহ কতিপয় পত্রিকায় পদ্মা সেতুর মূল কাজ নিয়ে বিশ্বব্যাংকের কল্পনাপ্রসূত বায়বীয় ও অসত্য অভিযোগের ভিত্তিতে তাঁকে দোষারোপ করা হয়েছিল, যা দুদকের তদন্তে প্রমাণিত হয়নি। এবারও পরামর্শক নিয়োগে এসএনসি-লাভালিনের বিষয়ে তাঁকে সম্পৃক্ত করে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা-ও তদন্তে অসত্য প্রমাণিত হবে। তিনি বলেন, ‘পদ্মা সেতু বাস্তবায়নে কঠোর ও নিরলসভাবে কাজ করেছি। যারা অসত্য অভিযোগ এনে পদ্মা সেতুর কাজ বিলম্বিত করছে, তাদের মুখোশ একদিন উন্মোচিত হবে।’একই বিষয়ে পৃথক প্রতিবাদ পাঠিয়েছেন সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। তাঁর বক্তব্য ছাপা হবে আগামীকাল।