মন্ত্রী এলেই তোড়জোড় বাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মন্ত্রী এলেই সড়ক সংস্কারে তোড়জোড় বাড়ে, অন্য সময় কিছুই হয় না।আজ রোববার সকালে কুষ্টিয়া-আলমডাঙ্গা আঞ্চলিক সড়ক পরিদর্শন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।যোগাযোগমন্ত্রী সড়কের বেহাল অবস্থা দেখে বলেন, স্থানীয় জনগণ জানিয়েছেন, আজই (রোববার) ভোর থেকে সড়কের লোকজন সংস্কারের কাজ শুরু করেছে। তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, ‘দুই দিন মন্ত্রী এসেছে, সড়কের কাজ চলছে। বাকি দিনগুলো সড়কের কর্মকর্তারা কোথায় থাকেন?’ এই সড়কের বেহাল অবস্থা দেখে তিনি কুষ্টিয়া সওজের উপবিভাগীয় কর্মকর্তা নজরুল ইসলামকে বলেন, ‘আপনার চেহারা দেখে তো মনে হয় না আপনি সড়কের কাজ করেন।’ আগামী রমজানের আগে দেশের সব সড়কের গর্ত ভরাট করে জনগণের দুর্ভোগ দূর করা হবে। এ ব্যাপারে সওজের সব কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে মন্ত্রী সাংবাদিকদের জানান।ওবায়দুল কাদের বলেন, টাকার কোনো অজুহাত দেখানো চলবে না। সরকারের এবারের বাজেটে অনেক টাকা আছে। তিনি সওজের কর্মকর্তাদের বলেন, ঈদের আগে শুক্রবার ও শনিবার কোনো কর্মকর্তার ছুটি হবে না।মন্ত্রী কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কে চলার সময় কয়েক জায়গায় থেমে সড়কের অবস্থা দেখেন এবং ওই সড়কে চলা দুটি বাসের ছাদে যাত্রী পরিবহন ও দুটি ট্রাকের চালকের লাইসেন্স ভুয়ার দায়ে ম্যাজিস্ট্রেটকে জরিমানা করতে বলেন। এরপর তিনি চুয়াডাঙ্গায় চলে যান।