মন্ত্রী ও সাংসদদের সম্পদের হিসাব প্রকাশ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সাংসদদের সম্পদের হিসাব প্রকাশ করার প্রতিশ্রুতি থেকে অনেকটাই সরে এসেছে সরকার। এখন থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মন্ত্রিসভার সদস্য ও সাংসদদের বার্ষিক আয়কর বিবরণী অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে।গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।সূত্র জানায়, বৈঠকে মন্ত্রিসভার একাধিক সদস্য সম্পদের হিসাব প্রকাশের বিষয়ে অভিমত দিয়ে বলেছেন, নির্বাচনের সময় তাঁরা সম্পদের হিসাব বিবরণী নির্বাচন কমিশনে দিয়েছেন। অনেকের সেই হিসাব জমা বিবরণী পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তা ছাড়া প্রতিবছর বার্ষিক আয়কর বিবরণী তাঁরা জাতীয় রাজস্ব বোর্ডে জমা দিচ্ছেন। সূত্র জানায়, এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী ও সাংসদদের আয়কর বিবরণী অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর জন্য এনবিআরকে নির্দেশ দেন।সূত্রমতে, আয়কর আইন অনুযায়ী কারও আয়কর বিবরণী প্রকাশ করা যায় না। মন্ত্রী ও সাংসদদের আয়কর বিবরণী অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হলেও আইনি বিধিনিষেধের কারণে তা প্রকাশ করা যাবে না। ফলে মন্ত্রী ও সাংসদদের সম্পদদের হিসাব বিবরণী প্রকাশ করা সম্ভব হচ্ছে না।অধ্যাপক মোজাফ্ফর আহমদ এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘ইশতেহারের দিক থেকে বিবেচনা করলে এটি নিতান্তই প্রতিশ্রুতির বরখেলাপ।’ তিনি বলেন, এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে অজুহাত হিসেবে দাঁড় করানো যায় যে আইনানুযায়ী সম্পদের বিবরণ জনসমক্ষে প্রকাশ করা যায় না।মোজাফ্ফর আহমদ বলেন, আয়কর আইনে যে কারও বিবরণী প্রকাশ করা যায় না, তা শুধু সরকার জানে না, করদাতারাও ভালোভাবেই জানেন। কিন্তু ইশতেহারে প্রধানমন্ত্রীসহ সব মন্ত্রী, সাংসদ ও তাঁদের পরিবারের সদস্যদের সম্পদ ও আয়ের উৎস জনসমক্ষে প্রতিবছর প্রকাশের কথা বলা হয়েছিল। এটি রক্ষা করতে হলে আয়কর আইনের সংশোধন করতে হবে। সেই সময় অবশ্য এখনো চলে যায়নি। দেখার বিষয়, আয়কর আইন সংশোধনের উদ্যোগটি সরকার নিচ্ছে কি না।পিপিপি নীতি অনুমোদন: গতকালের বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, মন্ত্রিসভা সরকারি-বেসরকারি অংশীদারি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বাস্তবায়ন নীতি ও কৌশল অনুমোদন করেছে। পিপিপি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। পিপিপি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি কার্যালয় থাকবে। কার্যালয়টি যুক্ত থাকবে বিনিয়োগ বোর্ডের (বিওআই) কার্যালয়ের সঙ্গে।ব্যাংকের উচ্চ সুদের হারে উদ্বেগ: সূত্র জানায়, বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা বেসরকারি ব্যাংকের উচ্চ সুদের হার ও সার্ভিস চার্জে উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিষয়টি উত্থাপন করে বলেন, বেসরকারি ব্যাংকে উচ্চ হারে সুদ নেওয়া হয়, সার্ভিস চার্জও বেশি। ব্যাংক একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হলেও গ্রামে-গঞ্জে বেসরকারি ব্যাংকের শাখা নেই। তা ছাড়া ব্যাংকের পরিচালনা পরিষদে একই পরিবারের একাধিক সদস্যকে দেখা যায়। অথচ বেসরকারি সব ব্যাংকই লিমিটেড কোম্পানি।সৈয়দ আশরাফের এ বক্তব্যে গোটা মন্ত্রিসভা একমত পোষণ করে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্চহার সুদ এবং সার্ভিস চার্জের বিষয়টি খতিয়ে দেখার জন্য অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নির্দেশ দেন। তিনি বেসরকারি ব্যাংকের গ্রামে-গঞ্জে শাখা খোলার ওপরও গুরুত্ব আরোপ করেন।গতকালের বৈঠকে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এবং আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩-এর সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়। এতে বিভিন্ন ব্যাংকের পরিচালনা পরিষদে একই পরিবারের একাধিক সদস্য থাকা এবং গ্রামপর্যায়ে বেসরকারি ব্যাংকের শাখা স্থাপনের বিষয়ে বেশ কিছু সংশোধনী আনা হয়।সর্বস্তরে বাংলা প্রচলন আইন বহাল: ১৯৮৭ সালে প্রবর্তিত সর্বক্ষেত্রে বাংলা ভাষার প্রচলন আইনটি মন্ত্রিসভা বহাল রেখেছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এ আইন সংশোধনের যে প্রস্তাব ছিল, তা বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে সব সরকারি অফিস, আদালত, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে বিদেশের সঙ্গে যোগাযোগ ছাড়া অন্য সব ক্ষেত্রে নথি, চিঠিপত্র, আইন-আদালতের সওয়াল জবাব এবং অন্য আইনানুগ কার্যাবলি বাংলায় লেখা বাধ্যতামূলক। সংবিধানের ৩ নম্বর অনুচ্ছেদের বিধানকে কার্যকর করার জন্য ১৯৮৭ সালের ৮ মার্চ আইনটি প্রণয়ন করা হয়।আবুল কালাম আজাদ জানান, মন্ত্রিসভা বৈঠকে পণ্যের মোড়কে পাটের ব্যবহার বাধ্যতামূলক করার একটি প্রস্তাবও অনুমোদিত হয়েছে।বৈঠকে কক্সবাজার ও বান্দরবানে পাহাড়ধসে ৫৫ জনের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করা ও শোক প্রস্তাব নেওয়া হয়। এ ছাড়া বৈঠকে নিমতলীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্যের জন্য মন্ত্রিপরিষদের সদস্য ও উপদেষ্টাদের ১০ দিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।