মন্ত্রী ও সাংসদের সব আয়কে করের আওতায় আনতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির সভায় মন্ত্রী, সাংসদ ও সরকারি কর্মকর্তাদের আয় করের আওতায় আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক বলেছেন, মন্ত্রী ও সাংসদদের সব ধরনের আয়কেই করের আওতায় আনতে হবে। তাহলে তাঁদের সম্মানের আরেকটি জায়গা তৈরি হয়। সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও তা প্রযোজ্য।গতকাল মঙ্গলবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে এই পরামর্শক কমিটির সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান এ বিষয়ে বলেন, সরকারি কর্মকর্তাদের কর দেওয়ার বিষয়ে আনিসুল হকের বক্তব্যের সঙ্গে মতবিরোধ নেই। কারণ এর একটি নৈতিক ও সামাজিক প্রভাব রয়েছে।সভায় ব্যবসায়ী নেতাদের একটি বক্তব্য নিয়েও খানিকটা তর্কবিতর্ক হয়। আনিসুল হক বলেন, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা করতে গেলে যদি ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমোদন নিতে হয়, তাহলে ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা করতে গেলেও এফবিসিসিআইয়ের অনুমতি নেওয়ার বিধান করতে হবে। আরও কয়েকজন ব্যবসায়ী এর পক্ষে বক্তব্য দেন। তবে ব্যবসায়ীদের এই আবদারের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন উপদেষ্টা মসিউর রহমান। অর্থ উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তারা সরল বিশ্বাসে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় ঝামেলায় পড়েন। যেমন—একটি গ্যাস কোম্পানিকে জড়িয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছিল। এতে জড়ানো হয়েছিল সরকারি কর্মকর্তাদেরও। অথচ সেই গ্যাস কিন্তু আজ পর্যন্ত উত্তোলনই করা হয়নি। উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে যারা মামলা করেছে, তাদের শাস্তি হওয়া উচিত।’ সরকারি কর্মকর্তাদের আইনি সুরক্ষা মানে দুর্নীতির প্রশ্রয় দেওয়া নয় উল্লেখ করে মসিউর রহমান বলেন, ‘ব্যবসায়ীদের পক্ষ থেকে সবাইকে সমান করার যে চেষ্টার কথা বলা হচ্ছে, তা বরং শক্তভাবে রোধ করতে হবে।’সভায় কালো টাকা সাদা করা প্রসঙ্গে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘এ বছর সুপারিশ করা হয়নি। কারণ, যেকোনো কারণেই হোক, চলতি বছরে উদ্যোগটা সফল হয়নি। তবে রুগ্ণ শিল্পের দিক থেকে এবারও দাবিটি উঠেছে।’ বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি এ কে আজাদ বলেন, আয় গোপন করা হলে জরিমানা, সম্পত্তি ক্রোক এবং ব্যাংক হিসাব জব্দ করার বিধান রয়েছে। তারপরও ব্যবসায়ীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়, যা অনুচিত। এফবিসিসিআইয়ের সাবেক এক সভাপতিকে আয়করের মামলায় জেলে ঢোকানোর উদাহরণ টেনে তিনি বলেন, ‘সরকারের এ ধরনের নিপীড়ন থেকে পরিত্রাণ দরকার।’ এ কে আজাদ আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোকেও জবাবদিহির মধ্যে আনতে হবে। চারটি প্রতিষ্ঠান এক বছরে ৫২৫ কোটি টাকা লোকসান দিয়েছে। এগুলো তো জনগণের টাকা।সাংসদ গোলাম দস্তগীর গাজী বলেন, এনবিআর চায় পিএসআই প্রথা উঠে যাক। আবার উত্পাদকেরা চান এটি বহাল থাকুক। কী করা উচিত, সে ব্যাপারে চিন্তা করতে হবে। ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, আমদানিনীতি ও রপ্তানিনীতি প্রণয়ন করে বাণিজ্য মন্ত্রণালয়। অথচ বাজেট প্রণয়নে বা শুল্ক আরোপে এ মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই।