মন্ত্রী নন, খরচ দিচ্ছেন আ.লীগ নেতারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর-৩ (কালকিনি-সদরের একাংশ) আসনের সাংসদ ও যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে সংবর্ধনার খরচ দিচ্ছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা। মন্ত্রী নিজে কোনো টাকা দিচ্ছেন না। গতকাল শনিবার উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। প্রথম আলোতে গতকাল ‘যোগাযোগমন্ত্রীর জন্য সংবর্ধনা-বিলাস’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী এই প্রতিবেদককে জানিয়েছিলেন, সংবর্ধনা অনুষ্ঠানের জন্য আনুষঙ্গিক জিনিসপত্র ঢাকা থেকে মন্ত্রী নিজেই পাঠাচ্ছেন। আজ রোববার দুপুরে কালকিনির সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে যোগাযোগমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কালকিনি উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গতকাল সকালে বৈঠক করেন। বৈঠক শেষে স্থানীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, মন্ত্রীর উদ্যোগে কোটি টাকা ব্যয়ে সংবর্ধনা অনুষ্ঠান করা হচ্ছে না; বরং উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন অনুষ্ঠানকে জাঁকজমক করতে এ আয়োজন করেছে। সংবর্ধনা অনুষ্ঠানে শুধু মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে না, মন্ত্রী নিজে ২০০৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিক্ষা উপকরণসহ আর্থিক অনুদান দেবেন। পাশাপাশি ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত কালকিনির নাসিরের পরিবারসহ একটি প্রতিবন্ধী পরিবার ও দুস্থ মুক্তিযোদ্ধাদের আর্থিক সাহায্য দেবেন। এ ছাড়াও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবেন তিনি। কিন্তু সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণের মতো কোনো কর্মসূচির উল্লেখ নেই। গতকাল এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘এটি সরকারি অনুষ্ঠান নয়, আওয়ামী লীগের দলীয় একটি অনুষ্ঠান। তাই আগে থেকে প্রচারের প্রয়োজন মনে করিনি।’ সংবাদ সম্মেলনে জানানো হয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক মঞ্চসজ্জা, বাংলা মিডিয়ার স্বত্বাধিকারী মহসিন উদ্দিন ডিজিটাল ব্যানার ও ফেস্টুন, কেন্দ্রীয় যুবলীগ নেতা মীর মামুন ও উপজেলা যুবলীগ সভাপতি মনিরুজ্জামান আলোকসজ্জা, সাবেক পৌর মেয়র তৌফিকুজ্জামান শিল্পীর ব্যয়ভার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল আলম ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ বেপারী কর্মীদের খাবার সরবরাহের ব্যয়ভার বহন করছেন। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী, সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক, যুবলীগের সভাপতি মনির হাওলাদার, স্থানীয় ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।প্রচার ও আয়োজন: সরেজমিনে দেখা গেছে, মন্ত্রীর সংবর্ধনা উপলক্ষে গতকাল রিকশায় করে উপজেলার বিভিন্ন সড়কে ঘুরে গানে গানে মন্ত্রীর গুণকীর্তন করা হচ্ছে। গতকাল ঢাকা থেকে অতিথিদের জন্য এসেছে অত্যাধুনিক চেয়ার। মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। মাইক স্থাপন ও রাস্তা সংস্কারের কাজও এগিয়ে চলেছে।