মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টার দ্বন্দ্বে কাজ এগোচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের এক বছর শেষে কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টা এবং ক্ষেত্রবিশেষ সচিবদের মধ্যে দূরত্ব বেড়েছে। কোথাও কোথাও মতবিরোধ প্রকাশ্য রূপ নিয়েছে। মন্ত্রী-উপদেষ্টা বা সংশ্লিষ্ট কর্মকর্তারা অবশ্য প্রকাশ্যে এ নিয়ে কিছু বলতে চাইছেন না।নতুনদের নিয়ে গঠিত মন্ত্রিসভা প্রথম বছর পার করেছে। মন্ত্রণালয়ের কাজে তদারকি আর গতি বাড়াতে নতুন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর সঙ্গে কোনো কোনো মন্ত্রণালয়ে উপদেষ্টাও নিয়োগ করা হয়। পাশাপাশি বিএনপির আমলে নিযুক্ত সচিবসহ অন্যান্য স্তরের কর্মকর্তা সরিয়ে নিজেদের পছন্দের কর্মকর্তাও নিয়োগ করা হয়। কিন্তু কখনো কখনো এর ফল হচ্ছে উল্টো। একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টার মধ্যে বিরোধের পাশাপাশি সচিবেরাও দ্বন্দ্বে জড়িয়ে নিষ্ক্রিয় হয়ে পড়ছেন। ফলে মন্ত্রণালয়ের কাজে গতি আসেনি বরং ভাবমূর্তির সংকটে পড়েছে কোনো কোনো মন্ত্রণালয়। এক বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণেও বিষয়টি এসেছে। মন্ত্রী-সচিবদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, শিক্ষা নেওয়ার সময় শেষ, এখন কাজ দেখাতে হবে।বছরের শেষ মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবদের কাজে দক্ষতা দেখাতে বলেন। তিনি আইন কানুনের দোহাই না দিয়ে প্রয়োজনে আইন সংশোধন করে কাজ করার নির্দেশ দেন।সংশ্লিষ্ট একাধিক সচিব নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, সচিবদের কারও কারও দক্ষতার অভাব থাকতে পারে। কিন্তু অনেক মন্ত্রী আছেন, যাঁরা সিদ্ধান্তহীনতায় ভোগেন। অনেকেই তাকিয়ে থাকেন প্রধানমন্ত্রীর দিকে। তথ্য অনুসন্ধানে জানা যায়, খাদ্য, দুর্যোগ ও ত্রাণ পুনর্বাসন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্প রয়েছে। মূলত দুর্যোগকবলিত মানুষের মধ্যে গণসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান এ প্রকল্পের উদ্দেশ্য। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে শুরু হওয়া এই প্রকল্পের প্রকল্প পরিচালকও মন্ত্রণালয়ের সচিব নিজেই। যদিও প্রকল্প পরিচালকের পদমর্যাদা সাধারণভাবে উপসচিব পদের। ইউএনডিপি এই প্রকল্পের অন্যতম আর্থিক সহায়তাকারী সংস্থা। মোট প্রকল্প ব্যয় ৩৫০ কোটি টাকা।জানা যায়, এই প্রকল্পে ২৭ জনকে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি ১২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া নয়জনের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। ছয়জনের নিয়োগের প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে।এই নিয়োগের দায়িত্বে সরকারের একজন প্রতিনিধি থাকার কথা থাকলেও তা হয়নি। ইউএনডিপির পক্ষ থেকে এ প্রকল্পের মূল দায়িত্বে রয়েছেন সহকারী কান্ট্রি ডিরেক্টর আমিনুল ইসলাম।জানা যায়, গত ১৫ অক্টোবর ইউএনডিপির পক্ষ থেকে মন্ত্রণালয়ের সচিবকে সরকারি প্রতিনিধি মনোনয়নের জন্য চিঠি দেওয়া হয়। সচিব ওই চিঠির ওপর লেখেন ‘প্লিজ পুটআপ’। কিন্তু রহস্যজনক কারণে চিঠিটি উপস্থাপন করা হয় ২৫ দিন পর। ততক্ষণে সব নিয়োগপ্রক্রিয়া শেষ করা হয়।বিষয়টি গত সপ্তাহে খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাকের নজরে এলে তিনি মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবের সামনে ক্ষোভে ফেটে পড়েন। তিনি বলেন, সরকারের প্রকল্পে কী হচ্ছে না হচ্ছে, মন্ত্রী জানবে না, তা হতে পারে না। তিনি সচিবকে তলব করেন। সচিব অবশ্য দায়ী করেন ইউএনডিপিকে। সচিব বলেন, ইউএনডিপি কোনো নির্ধারিত সময় উল্লেখ না করায় তাঁকে (মন্ত্রী) জানানো সম্ভব হয়নি। মন্ত্রী তাত্ক্ষণিক সচিবকে স্পষ্ট নির্দেশ দেন, প্রকল্পের সব নিয়োগ বাতিল করে নতুনভাবে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে।দ্বন্দ্বের আরও দৃষ্টান্ত: স্বাস্থ্য মন্ত্রণালয়ের যাত্রা শুরু হয় একজন মন্ত্রী ও উপদেষ্টার মাধ্যমে। শুরু থেকে এ মন্ত্রণালয়ের কাজে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজমান। পরে একজন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়। শুরু থেকে মন্ত্রণালয়ের কাজ নিয়ে উপদেষ্টা ও মন্ত্রীর মধ্যে নানা কাজে বিশেষ করে নিয়োগ-বদলি ও নানা বিষয় নিয়ে মতবিরোধ আলোচনায় ছিল। মন্ত্রণালয়ের বহু বিষয়ে উপদেষ্টাদের হস্তক্ষেপের কথা শোনা যায়।গত ১৫ ডিসেম্বর প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে সংস্থাপন মন্ত্রণালয় ওএসডি করে। ২১ ডিসেম্বর মন্ত্রী ওই কর্মকর্তার বদলি বাতিল করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে রাখার জন্য অনানুষ্ঠানিক চাহিদাপত্র দিয়েছেন সংস্থাপন সচিবকে। আবার একই দিনে প্রতিমন্ত্রী ওই কর্মকর্তাকে ড্যাবের নেতা জাহিদ হোসেনের আশীর্বাদপুষ্ট উল্লেখ করে সংস্থাপন মন্ত্রণালয়ের আদেশ বহাল রাখতে সচিবকে আরেকটি অনানুষ্ঠানিক চাহিদাপত্র দেন। ওই কর্মকর্তা ড্যাবের চাহিদাপত্র অনুযায়ী বিএনপি সরকারের সময় স্বাস্থ্য ক্যাডার থেকে প্রশাসনে এসেছিলেন। তাঁর কারণেই বিশ্বব্যাংকের দেওয়া হতদরিদ্র মানুষের পথ্য কেনার ৪৫০ কোটি টাকা ফেরত দিতে হয়েছে বলে প্রতিমন্ত্রীর পত্রে উল্লেখ করা হয়েছে।মন্ত্রণালয়ের কর্মকর্তারা নাম প্রকাশ না করে বলছেন, চিকিত্সক, নার্স নিয়োগ-বদলি নিয়ে এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বাচিপ) একদিকে আর উপদেষ্টা-প্রতিমন্ত্রী ও বিএমএ অন্যদিকে অবস্থান নিয়েছে।মন্ত্রণালয়ের সাধারণ কর্মকর্তারা বলছেন, নাজুক এক পরিস্থিতিতে তাঁদের কাজ করতে হচ্ছে। উন্নয়ন কাজের কথা ভাববার সুযোগ নেই। মন্ত্রী এক কথা বলেন, উল্টো বলেন প্রতিমন্ত্রী, না হয় উপদেষ্টা। তাঁরা বলছেন, গত এক বছরে এই খাতে কমিউনিটি ক্লিনিক পুনরায় চালু এবং নার্সদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার কাজটি দৃশ্যমান। কিন্তু এ দুটি কাজই প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে সম্পন্ন করা হচ্ছে। তা ছাড়া অস্থায়ী চিকিত্সক নিয়োগে চার মাস ধরে পিএসসি আর মন্ত্রণালয়ের মধ্যে চিঠি চালাচালি হয়েছে। এখন কবে, কীভাবে নিয়োগপ্রক্রিয়া শুরু হবে, তাও চূড়ান্ত হয়নি।স্থানীয় সরকার মন্ত্রণালয়: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে রয়েছে এই মন্ত্রণালয়। এর অধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের দায়িত্বে আছেন জাহাঙ্গীর কবীর। সম্প্রতি সব জেলা পরিষদে চিঠি পাঠানো নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ঘটেছে নজিরবিহীন ঘটনা। একজন যুগ্ম সচিব ও উপসচিব ওই নথি অনুমোদন করেছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জেলা পরিষদে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, জেলা পরিষদে দেওয়া উন্নয়ন বরাদ্দ ভাগ করবেন সংশ্লিষ্ট সাংসদ। সরকারের কর্মবণ্টন নীতিমালা (রুলস অব বিজনেস) অনুযায়ী এ ধরনের সিদ্ধান্ত সচিব ও মন্ত্রিপর্যায়ে হওয়ার কথা।একটি সূত্র জানায়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নথি অনুমোদন দিয়েছেন। তবে স্থানীয় সরকারমন্ত্রী ও সচিব এ বিষয়ে পরে অবহিত হলেও কোনো মন্তব্য করেননি বলে জানা যায়। জাহাঙ্গীর কবীর ঢাকার বাইরে থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ১০ মাস ধরে উপজেলা চেয়ারম্যানদের জন্য বিভিন্ন নীতিমালা করার কাজ চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়: প্রথম থেকে এ মন্ত্রণালয়ের মন্ত্রী আছেন সাহারা খাতুন। প্রতিমন্ত্রী ছিলেন তানজিম আহমেদ। একপর্যায়ে মন্ত্রীর সঙ্গে মতবিরোধের জের ধরে প্রতিমন্ত্রীর পদত্যাগ ও দেশান্তরের ঘটনা ঘটে। প্রথম প্রথম মতবিরোধের কথা অস্বীকার করা হলেও পরে বিদেশে বসে তানজিম আহমেদ তাঁর পদত্যাগের কারণ ব্যাখা করেন। তাঁর কথায় মতবিরোধের ইঙ্গিত পাওয়া যায়। সোহেল তাজ বিদায় নেওয়ার পর প্রতিমন্ত্রীর দায়িত্ব পান শামসুল হক। কিন্তু মতবিরোধের অবসান পুরোপুরি হয়নি। নানাভাবে মতবিরোধের প্রকাশ ঘটছে।সূত্র জানায়, প্রতিমন্ত্রী ও সচিব মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তাকে বদলি করতে তথ্য অধিদপ্তরকে অনুরোধ জানালেও মন্ত্রীর উল্টো নির্দেশে তা বন্ধ হয়ে যায়। সম্প্রতি পুলিশসহ গুরুত্বপূর্ণ কিছু কাজের দায়িত্ব অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরীর কাছ থেকে অপর অতিরিক্ত সচিব গোলাম হোসেনকে দেওয়া হয়। অনুসন্ধানে জানা যায়, ইকবাল খান চৌধুরী যুগ্ম সচিব থাকাকালে এ দায়িত্ব তাঁর কাছ থেকে নিয়ে গোলাম হোসেনকে দিতে নথি উপস্থাপন করা হয়েছিল। কিন্তু প্রতিমন্ত্রী তা নাকচ করে দিয়েছিলেন। সর্বশেষ প্রতিমন্ত্রী বাইরে থাকার সময় মন্ত্রীর নির্দেশে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। এ নিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে মতপার্থক্য সচিবালয়ের দেয়াল টপকে বাইরে এসেছে। এ রকম বাস্তবতায় পুলিশ-র্যাবের কিছু কাজ আটকে আছে। এমনকি পুলিশ সুপার পদের নিয়োগ-বদলিও মীমাংসায় দীর্ঘসূত্রতার অভিযোগ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক প্রথম আলোকে বলেন, তাঁদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। কাজের পরিবেশ সুন্দর। আইনশৃঙ্খলার উন্নয়নে তাঁরা সমন্বিত উদ্যোগে কাজ করে যাচ্ছেন। বিদ্যুত্ ও জ্বালানি মন্ত্রণালয়: এ দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে একজন উপদেষ্টা এবং একজন প্রতিমন্ত্রী ও দুজন সচিব। সংশ্লিষ্ট সূত্র বলছে, এখানে নির্বাহী কর্তৃত্ব মূলত উপদেষ্টার হাতে। প্রতিমন্ত্রী বা সচিবদের তেমন কোনো ভূমিকা রাখার সুযোগ নেই। এ জন্য সবাই তাকিয়ে থাকেন উপদেষ্টা কী নির্দেশ দেন তাঁর দিকে।সূত্র জানায়, সম্প্রতি উপদেষ্টাকে ঘিরে ভুয়া চিঠির সূত্রে শেভরনের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ সম্পর্কিত খবরে উপদেষ্টার সন্দেহের তীর আছে এক সচিবের দিকে। সন্দেহ-অবিশ্বাস আর খবরদারির মধ্যে মন্ত্রণালয়ের কাজে স্বাভাবিক পরিবেশ নেই। এক বছরের মাথায় সরকারের জন্য সবচেয়ে স্পর্শকাতর বিষয় বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র স্থাপনের জন্য সবে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন করেছে। আইন মন্ত্রণালয়: আইনমন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে বোঝাপড়া অত্যন্ত সুন্দর—এই দাবি প্রতিমন্ত্রী কামরুল ইসলামের। কিন্তু মন্ত্রণালয়ের সচিব নিয়োগকে কেন্দ্র করে প্রতিমন্ত্রীর সাম্প্রতিক তত্পরতাকে মন্ত্রী ভালোভাবে নেননি। তিনি শেষ পর্যন্ত এ নিয়োগের নথি নিজ ড্রয়ারে আটকে রাখতে বাধ্য হয়েছিলেন। এর আগে নিকাহ নিবন্ধক নিয়োগ নিয়ে দুজনের মধ্যে অপ্রকাশ্য মতভেদ পরে প্রকাশ হয়। এখন পর্যন্ত এ মন্ত্রণালয়ে সচিব নিয়োগ করা যায়নি। সার্বিক পরিবেশ: অনুসন্ধানে জানা যায়, প্রায় সব মন্ত্রণালয়ের কাজে উপদেষ্টাদের নজরদারির যে ব্যবস্থা প্রধানমন্ত্রী নিয়েছেন, তা ইতিবাচক বলেই মন্তব্য করছেন সরকারি কর্মকর্তারা। কিন্তু ক্ষেত্রবিশেষ কোনো কোনো উপদেষ্টার কাজ খবরদারিতে পরিণত হয়েছে। ফলে অনেক মন্ত্রী-সচিব স্বাধীনভাবে তাঁর মন্ত্রণালয় পরিচালনা করতে পারছেন না। আবার উপদেষ্টাদের সব উপদেশ মন্ত্রীরা প্রতিপালন না করে অনেকটা উপেক্ষা করছেন, এমন অভিযোগও আছে। এ রকম বাস্তবতায় মন্তব্য করতে বলা হলে সাবেক উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ সচিব আকবর আলি খান প্রথম আলোকে বলেন, প্রথমত সচিবালয়ে বা মন্ত্রণালয় বিভাগগুলোতে কাজ করার জন্য যত জনবল আছে, তার প্রয়োজন আছে কি না, সেটি যাচাই-বাছাই করার অবকাশ রয়েছে। তাঁর মতে, সমন্বয় করতে পারলে অধিক নেতৃত্ব ভালো। কিন্তু এক কেন্দ্রে একাধিক নেতৃত্বে বাংলাদেশের অতীত অভিজ্ঞতায় প্রশাসনের জন্য ভালো ফল দেয়নি। সরকার তা বিবেচনায় রাখতে পারে। তিনি বলেন, সরকার পরিচালনা করতে যেসব নিয়ম-কানুন অনুসরণ করা প্রয়োজন, সেগুলো এখন অনেকে খুলে দেখেন না। ফলে অনেক ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হতে পারে।