মন্ত্রী-সচিবদের কাজে আন্তরিক হতে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কাজে মন্ত্রী ও সচিবদের আরও উদ্যোগী, আন্তরিক ও গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশ দেন।বৈঠকে প্রধানমন্ত্রী সচিবদের উদ্দেশে বলেন, সরকারি কাজ বাস্তবায়নে সচিবদের আরও উদ্যোগী ও গতিশীল হতে হবে। সচিবেরা কাজে আন্তরিক হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভালোভাবে চলে। তিনি বলেন, মন্ত্রীরা কাজ করেন। কিন্তু তাঁদের রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নিতে হয়। তাই প্রকল্প বাস্তবায়নে সচিবদের তদারকি বাড়াতে হবে। মন্ত্রীদেরও কাজে গতি বাড়ানোর নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, দ্রুত কাজ করতে হবে। অনেক কাজ পড়ে আছে। সময়ও ফুরিয়ে যাচ্ছে। তাই দ্রুত সিদ্ধান্ত নিন, দ্রুত কাজ সমাপ্ত করুন। বৈঠক সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী সফরে কী কী বিষয়ে আলোচনা ও চুক্তি হতে পারে, সে সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করেন। এ ক্ষেত্রে তিনি মন্ত্রীদের নানা পরামর্শ নেন। সূত্র জানায়, ভারত সফরকালে প্রধানমন্ত্রী পানিচুক্তি, মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার নিয়ে আলোচনা করবেন। টিপাইমুখ বাঁধ নির্মাণের ব্যাপারে বাংলাদেশের সম্মতি ছাড়া এটা নির্মাণ না করার জন্য ভারত সরকারকে অনুরোধ করা হবে। বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভুটানে যোগাযোগব্যবস্থা নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুত্ বিনিময় নিয়ে একটি চুক্তি হতে পারে বলেও জানা গেছে। এ ছাড়া আঞ্চলিক সহযোগিতা, ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে ২৩২টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা চাওয়া হবে। সূত্র আরও জানায়, গতকালের বৈঠকে ২০০৯ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের কাজকর্ম নিয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়। সরকারের কাজ নিয়ে বৈঠকে সন্তোষ প্রকাশ করা হয়। এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, সরকার ক্ষমতা গ্রহণ করেই নানা চ্যালেঞ্জের মধ্যে পড়ে। এত চ্যালেঞ্জ মোকাবিলা করেও সরকারের কার্যক্রম ছিল সন্তোষজনক। গণমাধ্যমও সরকারের কাজের প্রশংসা করেছে। বর্তমান সরকারের এটাই বড় অর্জন।তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিং করেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।