মন্ত্রী-সাংসদদের আয়কর দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রী ও সাংসদদের বেতন-ভাতার ওপর আয়কর দিতে হবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক চিঠিতে সংসদ সচিবালয়কে বিষয়টি স্পষ্ট করেছে। এনবিআরের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।এর আগে বুধবার সংসদ সচিবালয়ে পাঠানো এক চিঠিতে এনবিআর বলেছিল, মন্ত্রী-সংসদদের আয়কর দিতে হবে না। এই নিয়ে গতকাল প্রথম আলোতে মূল প্রতিবেদন প্রকাশিত হয়। তারপরই এনবিআর নতুন চিঠি দিয়ে জানাল, আয়কর দিতে হবে।মন্ত্রী ও সাংসদদের বেতন-ভাতাসংক্রান্ত বিষয়াদি পৃথক আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এ কারণে চলতি অর্থবছরে মন্ত্রী ও সাংসদদের বেতন-ভাতার ওপর আয়কর আদায় করা নিয়ে জটিলতা তৈরি হয়। এনবিআর থেকে ওই আইন সংশোধনের তাগিদ দেওয়া হলেও তা করা হয়নি। সর্বশেষ গত বুধবার এনবিআরের আয়কর বিভাগ থেকে সংসদ সচিবালয়কে দেওয়া এক চিঠিতে বলা হয়, অন্য আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় বলে মন্ত্রী ও সাংসদদের বেতন-ভাতার ওপর আয়কর আরোপিত হবে না। এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া হয়। এই অবস্থায় গতকাল আরেক চিঠিতে এনবিআর সংসদ সচিবালয়কে জানায়, অন্য আইনে যা-ই থাকুক, আয়কর অধ্যাদেশ অনুযায়ী মন্ত্রী ও সাংসদদের বেতন-ভাতা করের আওতায় থাকবে। এনবিআরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, আগের চিঠিতে কিছু ত্রুটি ছিল। তা শুধরে নতুন চিঠি দেওয়া হয়েছে।