দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতার পর প্রধানমন্ত্রী ওই সব এলাকার মন্ত্রী-সাংসদদের এলাকায় যেতে বললেও অধিকাংশই যাননি। কেউ কেউ ঘটনার বেশ পরে এলাকায় গেলেও মানুষকে আশস্ত করতে পারেননি। মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত-শিবির দেশের বিভিন্ন জেলায় ব্যাপক হামলা-ভাঙচুর চালায়। কোনো কোনো এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর-মন্দির ভাঙচুর করে ও আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালায়। এসব ঘটনায় এখন পর্যন্ত পুলিশের আট সদস্যসহ ৭৮ জন নিহত হন।সহিংসতা বেশি হয়েছে বগুড়া, সাতক্ষীরা, গাইবান্ধার সুন্দরগঞ্জ, ঠাকুরগাঁও, নোয়াখালী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী, রাজশাহীর গোদাগাড়ী, পাবনা, সিরাজগঞ্জ ও জয়পুরহাটে।পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের বাড়ি ঠাকুরগাঁওয়ে। তিনি জেলা আওয়ামী লীগেরও সভাপতি। সহিংসতার পরও তিনি এলাকায় যাননি। কেন যাননি—জানতে চাইলে তিনি বলেন, ‘আমি গিয়ে কী করব। এলাকার পরিস্থিতি এখন শান্ত আছে। তবে সংসদ অধিবেশন থাকায় যেতে পারিনি। মঙ্গলবার (আজ) যেতে পারি।’মন্ত্রী সংসদ অধিবেশনের কথা বললেও অধিবেশন শেষ হয়েছে ৬ মার্চ। মন্ত্রীর কার্যতালিকায়ও বড় ধরনের কোনো কর্মসূচি দেখা যায়নি।সাতক্ষীরা সদর, কলারোয়া, দেবহাটা, কালীগঞ্জ ও আশাশুনিতে সহিংসতা বেশি হলেও এলাকার সাংসদ স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক যাননি। গতকাল সোমবার বিকেলে জানতে চাইলে তিনি বলেন, ‘কিছুক্ষণ পরই এলাকার উদ্দেশে রওনা দিচ্ছি।’স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর বাড়ি পাবনায়। সেখানেও সহিংসতার ঘটনা ঘটেছে। টুকু জেলা আওয়ামী লীগেরও সাধারণ সম্পাদক। কিন্তু ঘটনার কাছাকাছি সময়ে না গিয়ে অনেক পরে ৭ মার্চ তিনি পাবনায় যান। অবশ্য তিনি তাঁর এলাকার ঘটনা নিয়ে কোনো প্রতিক্রিয়া বা বিবৃতি দেননি। নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান এলাকায় জামায়াত-শিবির তাণ্ডব চালায়। তারা খায়রুল আলম নামের যুবলীগের একজন কর্মীকে হত্যা করে ও তাঁর বাড়িঘর জ্বালিয়ে দেয়। এ সময় তারা দুই পুলিশ সদস্যকে পিটিয়ে তাঁদের অস্ত্র লুট করে। ওই দিন জামায়াত-শিবিরের দুর্বৃত্তরা দুপুর থেকে রাত অবধি তাণ্ডব চালালেও স্থানীয় আওয়ামী লীগ কোনো প্রতিরোধ করেনি। তবে নাটোর-২ আসন থেকে নির্বাচিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ঘটনার পাঁচ দিন পর ৬ মার্চ খায়রুলের বাড়িতে যান। মন্ত্রীর দপ্তরের একজন কর্মকর্তা বলেন, মন্ত্রী ৯ মার্চ ঢাকায় ফিরেছেন।জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক সহিংসতার বেশ পর গত রোববার নিজ এলাকা চাঁপাইনবাবগঞ্জ পরিদর্শন করেন।তবে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের নিজ জেলা নোয়াখালী সফর করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সাংসদ এইচ এন আশিকুর রহমানের নির্বাচনী এলাকা রংপুরের মিঠাপুকুরে ব্যাপক সহিংসতা হয়েছে। গতকাল পর্যন্ত তিনিও এলাকায় যাননি। জানতে চাইলে আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘চলতি সপ্তাহে এলাকায় যাব। ব্যস্ততার কারণে আগে যেতে পারিনি। তবে এখন সবকিছু নিয়ন্ত্রণে আছে।’কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এখন পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত বিভাগ রংপুর সফর করেননি। প্রথম আলোকে তিনি বলেন, মঙ্গলবার গাইবান্ধার সুন্দরগঞ্জে যাবেন তিনি। পরদিন যাবেন পীরগাছায়। ১৩ মার্চ মিঠাপুকুর হয়ে দিনাজপুরে যাবেন তিনি। এ ছাড়া খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকও এলাকায় যাননি। অপর সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন গত শুক্রবার নিজ জেলা জয়পুরহাটে গেছেন।সাতক্ষীরা-২ আসনের মহাজোটের শরিক জাতীয় পার্টির সাংসদ এম এ জব্বারও এলাকায় যাননি। সাতক্ষীরা-৪ আসনের অপর সাংসদ জাতীয় পার্টির এইচ এম গোলাম রেজা এলাকায় নিজ বাসভবনে থাকলেও জননিরাপত্তা বিধানে কোনো তৎপরতা দেখাননি। জয়পুরহাট জেলার দুটি আসনেই বিএনপিদলীয় সাংসদ নির্বাচিত হয়েছেন। এ জেলার পাঁচবিবি উপজেলায় সহিংসতায় ছয়জন মারা যান। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ গত নির্বাচনে জয়পুরহাট থেকে নির্বাচন করেছিলেন। তিনি গত শুক্রবার এলাকায় যান।দিনাজপুর-১ ও দিনাজপুর-৪ নির্বাচনী এলাকায় জামায়াত-শিবিরের সহিংসতা হয়েছে। দিনাজপুর-১-এর সাংসদ মনোরঞ্জন শীল এখানো এলাকায় যাননি। নীলফামারীর জলঢাকায় সহিংসতা হয়েছে। এ এলাকার মহাজোটের সাংসদ কাজী ফারুক কাদের।রংপুরের পীরগাছায় ব্যাপক সহিংসতা হয়েছে। জামায়াত-শিবিরের হামলায় পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। কিন্তু আওয়ামী লীগের সাংসদ টিপু মুন্সী ঘটনার ১০ দিন পর গতকাল এলাকায় গেছেন। দেরিতে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘বিজিএমইএ নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় আগে এলাকায় আসতে পারিনি। তবে খোঁজখবর নিয়েছি।’ গাইবান্ধার সুন্দরগঞ্জের জাতীয় পার্টির সাংসদ আবদুল কাদের খানও এলাকায় যাননি। পলাশবাড়ীতে দুজন মারা গেলেও যাননি জাতীয় পার্টির সাংসদ টি আই এম ফজলে রাব্বী। বগুড়ায় মূলত শহর, গাবতলী, শাজাহানপুর, কাহালু, নন্দীগ্রাম ও শিবগঞ্জে ব্যাপক সহিংসতা হয়েছে। এসব এলাকার সাংসদ বিএনপির। শহরে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজউদ্দিন এবং আওয়ামী লীগের সাংসদ আবদুল মান্নানের বাসভবনে হামলা হয়েছে। তবে এ জেলায় আওয়ামী লীগদলীয় দুই সাংসদের নির্বাচনী এলাকা সারিয়াকান্দি, শেরপুর ও ধুনট ছিল শান্তিপূর্ণ। আবদুল মান্নান চার দিন ধরে তাঁর নির্বাচনী এলাকা সারিয়াকান্দিতে অবস্থান করছেন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ জিয়াউর রহমান ঘটনার আট দিন পর গত রোববার এলাকায় গেছেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ আবদুল অদুদও রোববার এলাকায় গেছেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সহিংসতা হলেও সাংসদ শফিকুল ইসলাম যাননি। প্রধানমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও সাংসদেরা কেন এলাকায় যাচ্ছেন না—জানতে চাইলে জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ বলেন, ‘আমি তো ঢাকায় কাউকে দেখতে পাচ্ছি না। সবাই এলাকায় গেছেন।’