মন্ত্রী-সাংসদদের সম্পদের বিবরণ জমা দিতে হবে: অর্থমন্ত্রী
মন্ত্রী ও সাংসদদের সম্পদের বিবরণ জমা দিতে হবে। এ বিষয়ে তাগিদ দিয়ে আগামী রোববার মন্ত্রীদের চিঠি দেওয়া হবে। আজ বুধবার বিকেলে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী জানান, সরকারের সব মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সাংসদ ও সিটি করপোরেশনের মেয়রদের নির্ধারিত ফরমে সম্পদের বিবরণ জমা দিতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে এ বিবরণ জমা দিতে হবে। আজ ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এই সিদ্ধান্ত হয়। তবে এই বিবরণীর সঙ্গে সরকারের আয়কর হিসাবের কোনো সম্পর্ক নেই। আবদুল মুহিত জানান, সাংসদদের কাছ থেকে সম্পদের বিবরণ আদায়ের জন্য সংসদের স্পিকার আবদুল হামিদের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য রোববার অর্থ মন্ত্রণালয় থেকে স্পিকারকে চিঠি দেওয়া হবে। সাংসদদের হিসাবও চলতি মাসের মধ্যে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।