মন্ত্রী-সাংসদদের সম্পদের হিসাব জমা দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রী ও সাংসদদের সম্পদের বিবরণী জমা দিতে হবে। এ বিষয়ে তাগিদ দিয়ে আগামী রোববার মন্ত্রীদের চিঠি দেওয়া হবে।গতকাল বুধবার বিকেলে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী এ সময় জানান, সরকারের সব মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সাংসদ ও সিটি করপোরেশনের মেয়রদের নির্ধারিত ফরমে সম্পদের বিবরণী জমা দিতে হবে। সম্পদের বিবরণী জমা দিতে হবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে। তবে এই বিবরণীর সঙ্গে সরকারের আয়কর হিসাবের কোনো সম্পর্ক নেই।বিচারপতিদেরও সম্পদের হিসাব দেওয়ার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী এ সময় আরও জানান, প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে কবে, কোন সময়ে তাঁরা সম্পদের হিসাব দেবেন তা ঠিক করা হবে।নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ সম্পদের হিসাব দাখিল ও প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিল। ইশতেহারে বলা আছে, ‘প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্য এবং তাঁদের পরিবারের সম্পদের হিসাব ও আয়ের উৎস প্রতিবছর জনসমক্ষে প্রকাশ করা হবে।’অর্থমন্ত্রী অবশ্য সম্পদের হিসাব প্রকাশ করা হবে কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান মনে করেন, কেবল হিসাব দাখিল নয়, তা জনসমক্ষে প্রকাশ করাটাও সমান গুরুত্বপূর্ণ। এতে সম্পদের পরিবর্তন জানা যাবে।অর্থমন্ত্রী গতকাল এ বিষয়ে অবশ্য জানান, ‘আইন অনুযায়ী কারও আয়কর হিসাব বিবরণী প্রকাশ করা যায় না। কিন্তু আমরা কথা দিয়েছিলাম, মন্ত্রী-সাংসদদের সম্পদের বিবরণ জমা দিতে হবে। সে জন্যই সরকার আলাদা এই হিসাব নেওয়ার ব্যবস্থা করেছে। এ জন্য আলাদা একটি ছক তৈরি করা হয়েছে।’ অর্থমন্ত্রী আরও বলেন, মন্ত্রীদের জন্য্রচিঠি তৈরি করা আছে। আগামী রোববারের মধ্যেই তা পাঠিয়ে দেওয়া হবে। আশা করা যায়, এক সপ্তাহের মধ্যে সবাই হিসাব জমা দেবেন। তিনি জানান, সাংসদদের কাছ থেকে সম্পদের বিবরণ আদায়ের জন্য স্পিকার আবদুল হামিদের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য রোববার অর্থ মন্ত্রণালয় থেকে স্পিকারকেও চিঠি দেওয়া হবে। সাংসদদের হিসাবও চলতি মাসের মধ্যে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।উল্লেখ্য, ইশতেহারে প্রতিবছর হিসাব দাখিল ও প্রকাশের উল্লেখ থাকলেও গত দুই বছরের বেশি সময় ধরে এ নিয়ে তেমন কোনো উদ্যোগ ছিল না। অর্থমন্ত্রী একাধিকবার প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিলেও গত ২০১০ সালের ১৮ জুন অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সম্পদ বিবরণী নতুন করে জমা দিতে হবে না বলা হয়েছিল। ওই বৈঠকে বলা হয়, নির্বাচনের আগে নির্বাচন কমিশনে দাখিল করা তথ্যই যথেষ্ট। এর পরে বিষয়টি নিয়ে আর আলোচনা হয়নি। এরপর গতকালই অর্থমন্ত্রী আবার সম্পদ বিবরণী দেওয়ার ঘোষণা দিলেন।অর্থমন্ত্রী অবশ্য গত সেপ্টেম্বর মাসে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে (এনবিআর) আয়কর বিবরণী জমা দিয়ে নিজের সম্পদের হিসাব সাংবাদিকদের জানিয়েছিলেন। সে সময় অর্থমন্ত্রীর স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছিল এক কোটি ২৭ লাখ ২৫ হাজার ৬৪৬ টাকা। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, নির্বাচনী ইশতেহারে মন্ত্রী, সাংসদ ও তাঁদের পরিবারের সদস্যদের সম্পদ ও আয়ের উৎস প্রতিবছর জনসমক্ষে প্রকাশ করার কথা বলা হয়েছিল। সাধারণ মানুষ এ কথার ওপর আস্থাও রেখেছিল। সরকারের দুই থেকে আড়াই বছর হতে চলল। কাজটি শুরু করা হয়নি। তবে দেরিতে হলেও কাজটি শুরু করার উদ্যোগ প্রশংসনীয়। তিনি আরও বলেন, একটি বিষয় গুরুত্বের সঙ্গে খেয়াল করতে হবে যে শুধুই সম্পদের বিবরণ দাখিল করা হচ্ছে কি না। কারণ, হিসাব দাখিল করলেই হবে না, তা জনসমক্ষে প্রকাশ করাটাও সমান গুরুত্বপূর্ণ। এতে বছরে বছরে সম্পদের কী পরিবর্তন হচ্ছে, জনগণ তা জানতে পারবে।এম হাফিজউদ্দিন খান আরও বলেন, সম্পদের বিবরণের সঙ্গে সঙ্গে আয়ের উৎস দাখিলের বিষয়টি যেন চাপা পড়ে না যায়। আর নামকাওয়াস্তে, লোক দেখানোর জন্য বা ড্রয়ারে তালাবদ্ধ করে রাখার জন্য সম্পদের বিবরণ নিয়ে কোনো লাভ হবে না বলেও মনে করেন তিনি। এদিকে, বিচারপতিদের সম্পদের বিবরণী জমা দেওয়ার কথা অর্থমন্ত্রী জানালেও প্রধান বিচারপতিসহ ১৭ জন বিচারপতি ইতিমধ্যে সব বিবরণী জমা দিয়েছেন। গত ৩০ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে নিজের সম্পদের হিসাব জমা দেন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। এরপর গত ৩ জানুয়ারি সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পদের হিসাব জমা দেওয়ার আহ্বান জানালে আরও ১৬ জন বিচারপতি সম্পদের হিসাব দিয়েছেন। হাইকোর্ট ও আপিল বিভাগে ৯৮ জন বিচারপতি রয়েছেন।