মন্ত্রী-সাংসদসহ চার আ.লীগ নেতাকে কারণ দর্শানো নোটিশের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আওয়ামী লীগ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মন্ত্রী-সাংসদসহ চারজন শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেবে। গতকাল সোমবার রাতে চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে দলের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।চট্টগ্রাম আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ও নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফসারুল আমিন, সাংসদ নূরুল ইসলাম বিএসসি, নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুচ ছালাম এবং নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহীম হোসেন ওরফে বাবুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তাঁরা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ১০ জানুয়ারি লালদীঘি ময়দানে সমাবেশ করায় তাঁদের এই নোটিশ দেওয়া হবে।চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক ওরফে দানু চারজনকে কারণ দর্শানো নোটিশ দেওয়ার সিদ্ধান্তের কথা স্বীকার করেন। তিনি বলেন, তাঁরা সংগঠনবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এতে দলের ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাঁদের কেন মহানগর কমিটি থেকে অব্যাহতি দেওয়া হবে না, এ ব্যাপারে কারণ দর্শানো সিদ্ধান্ত হয়েছে। এ-সংক্রান্ত চিঠি দু-এক দিনের মধ্যে তাঁদের কাছে পৌঁছে যাবে।