কুমিল্লার লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগসমর্থিত প্রার্থী আবুল কাশেমের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন যুবলীগের নেতা রফিকুল ইসলাম। রফিকুল আওয়ামী লীগদলীয় স্থানীয় (কুমিল্লা-৯) সাংসদ তাজুল ইসলামের সমর্থক। ফলে স্থানীয় আওয়ামী লীগের একাংশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) প্রশাসনের একটি বড় অংশ কাজ করছে রফিকুলের পক্ষে। এ নিয়ে এলাকায় আতঙ্ক।নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে এসব অভিযোগ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের লাকসাম থানা শাখার সাবেক সভাপতি আবদুল আওয়াল। চিঠিতে তিনি আরও অভিযোগ করেন, সাংসদের পক্ষের লোকজন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রতিদিন শতাধিক মোটরসাইকেল নিয়ে মিছিল করছেন। তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিতর্কিত সরকারি কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহার এবং সেখানে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন।এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাংসদ তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রীয়ভাবে সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে বা পক্ষে, কোনো দিকেই আমি নেই।’ তিনি এ ব্যাপারে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলবেন বলে জানান।নির্বাচন কমিশন সূত্র জানায়, কেবল সাংসদ তাজুল ইসলাম নন, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, জাতীয় সংসদের হুইপ শেখ আবদুল ওয়াহাব, এলডিপির সাংসদ অলি আহমদ, সাংসদ শামসুল ইসলাম, সাংসদ কবিরুল হক, সাংসদ নুরুন্নবী চৌধুরীসহ কয়েকজনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগসংবলিত চিঠি এসেছে নির্বাচন কমিশনে। নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযোগ আসছে। গতকাল বুধবার পর্যন্ত এরকম শতাধিক চিঠি এসেছে। কমিশন এসব অভিযোগ খতিয়ে দেখছে। ঝুঁকিপূর্ণ পৌরসভার তালিকা করার ক্ষেত্রে কমিশন এসব অভিযোগ বিবেচনায় নিচ্ছে। ঝুঁকিপূর্ণ পৌরসভায় সেনাবাহিনী মোতায়েন করা হবে।পৌরসভা নির্বাচনের আচরণবিধির ৬(১৫)(ক) অনুচ্ছেদ অনুসারে, ‘জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা তাঁদের সমমর্যাদার সরকারি সুবিধাভোগী কোনো ব্যক্তি নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবেন না।’সূত্র জানায়, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন ফরিদপুর পৌরসভার ভোটার আবদুল হক। তিনি অভিযোগ করেছেন, মন্ত্রী ১ জানুয়ারি প্রকাশ্য সভায় সরকারি দলের সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চেয়ে বলেছেন, তাঁর প্রার্থী জয়ী হলে এলাকায় শিশুপার্ক করা হবে।এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় নির্বাচন কর্মকর্তা জগন্নাথ সাহা প্রথম আলোকে বলেন, পৌরসভা এলাকা থেকে দুই কিলোমিটার দূরে তাঁর বাসভবনে এক সমাবেশে মন্ত্রী এসব বলেছেন। বিষয়টি সংবাদপত্রেও প্রকাশিত হয়েছে। ফলে তা নির্বাচন কমিশনেরও নজরে রয়েছে।সংসদের সরকারদলীয় হুইপ শেখ আবদুল ওয়াহাবের বিরুদ্ধে অভিযোগ করেছেন যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচনে বিএনপিসমর্থিত মেয়র পদপ্রার্থী আবদুস সামাদ বিশ্বাস। চিঠিতে তিনি অভিযোগ করেন, প্রতিমন্ত্রীর মর্যাদাসম্পন্ন এই হুইপ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণায় অংশ নিচ্ছেন। হুইপ তাঁর নির্বাচনী এলাকার সরকারি ডাকবাংলোতে অবস্থান করে সরকারি দলের সমর্থক প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। প্রতিদিন সশস্ত্র ক্যাডারদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করছেন। ফলে কেশবপুরে সুষ্ঠু পরিবেশে নির্বাচন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। সেনাবাহিনী মোতায়েন এবং নির্বাচনে সরকারদলীয় হুইপের হস্তক্ষেপ বন্ধ করা সম্ভব না হলে এখানে ভোটাররা তাঁদের রায় দিতে পারবেন না।এলডিপির একমাত্র সাংসদ ও পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অলি আহমদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার এমাদুল হক চৌধুরীর কাছে। অভিযোগে বলা হয়েছে, ওই পৌরসভায় মেয়র পদের প্রার্থী হয়েছেন অলি আহমদের নিকটাত্মীয় আইয়ুব কুতুবী। এ জন্য তিনি ৯ জানুয়ারি থেকে এই পৌরসভার নির্বাচন পর্যন্ত এলাকার বিভিন্ন উন্নয়নকাজ তদারক করতে চন্দনাইশ যাচ্ছেন। এ বিষয়ে মতামত জানতে চেয়ে কমিশনে চিঠি পাঠিয়েছেন রিটার্নিং অফিসার।সূত্র জানায়, চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নাসিরউদ্দিন অভিযোগ করেছেন, স্থানীয় সাংসদ শামসুল ইসলাম ও মেয়র পদপ্রার্থী মাহমুদুর রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছেন। নড়াইলের সাংসদ কবিরুল হক এবং ভোলার সাংসদ নুরুন্নবী চৌধুরীর বিরুদ্ধেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগসংক্রান্ত চিঠি কমিশনে এসেছে। নুরুন্নবীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ভোলার লালমোহন পৌরসভায় আচরণবিধি লঙ্ঘন করে বিএনপিসমর্থিত প্রার্থীর সমর্থকদের হুমকি দিচ্ছেন।এদিকে বাগেরহাট পৌরসভায় সরকারি দলের সমর্থিত মেয়র পদপ্রার্থীর পক্ষে রিটার্নিং অফিসার আজম খানের কাজ করার অভিযোগ এনেছেন চারদলীয় জোটসমর্থিত মেয়র পদপ্রার্থী আতাহার হোসেন আবু মিয়া। কমিশনে তিনি এ অভিযোগ করেন।নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব (স্থানীয় সরকার) আবদুল বাতেন গতকাল বলেন, আচরণবিধি লঙ্ঘনসংক্রান্ত শতাধিক অভিযোগ এ পর্যন্ত কমিশনে এসেছে।কমিশনে আসা অভিযোগ সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেন, এগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঝুঁকিপূর্ণ পৌরসভাগুলোতে সেনা মোতায়েন করা হবে।