মন্ত্রী সেই আবুল হোসেন, এবার টেলিযোগাযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচিত-সমালোচিত মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের আওতায় টেলিযোগাযোগ খাত তুলে দেওয়ার প্রক্রিয়া প্রায় সম্পন্ন। প্রস্তাব গেছে মন্ত্রিপরিষদে। এখন কেবল আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা। সৈয়দ আবুল হোসেনকে সম্প্রতি যোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংকসহ দাতারা পদ্মা সেতুর ঋণ আটকে দিয়েছে। সেই আবুল হোসেনের আওতায় দেওয়া হচ্ছে বিশাল বিনিয়োগের খাত টেলিযোগাযোগকে। এই খাতে রয়েছে অঢেল অর্থ ও ক্ষমতা।সাবেক উপদেষ্টা এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগসচিব এম হাফিজউদ্দিন খান এ বিষয়ে গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘সাবেক যোগাযোগমন্ত্রী এমনিতেই যথেষ্ট বিতর্কিত। সত্য-মিথ্যা যা-ই হোক, তাঁকে পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে দুদক। আর তাঁর হাতে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি খাতের দায়িত্বভার তুলে দেওয়াটা অযৌক্তিক। এটা দেশের সঙ্গে অন্যায় হবে।’ জানা গেছে, প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটি এ-সংক্রান্ত সুপারিশ চূড়ান্ত করেছে। এর আগে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম একটি চিঠি লিখে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেন। এর পরই টেলিযোগাযোগ খাত আলাদা করার প্রক্রিয়া শুরু হয়। সূত্র জানায়, গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত সচিব কমিটির বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ‘ডাক’ অংশটিকে ‘ডাক-সেবা মন্ত্রণালয়’ হিসেবে এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে টেলিযোগাযোগ জুড়ে ‘টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়’ করার কথা বলা হয়েছে। কমিটির সুপারিশে আরও বলা হয়েছে, সাংগঠনিক কাঠামো অনুমোদনের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের মতামত নিয়ে উপস্থাপন করতে হবে। এই কাঠামো নির্ধারিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিদ্যমান জনবল দিয়েই কাজ চালানো হবে। এইচ টি ইমামের চিঠি: সূত্র জানায়, গত ৩ অক্টোবর প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়কে ভেঙে দুটি মন্ত্রণালয় করতে প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি লেখেন। চিঠিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ভেঙে পৃথক ডাক ও সেবা মন্ত্রণালয় করা এবং টেলিযোগাযোগকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির অধীনে দেওয়ার সুপারিশ করেন। চিঠিতে তিনি বলেন, ‘আধুনিক বিশ্বে সুশাসন ব্যবস্থাপনার সকল ক্ষেত্রে মেরুদণ্ড হিসেবে কাজ করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি। এই বাস্তবতায় এবং সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় সময়োচিতভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার ইতিমধ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তিকে জরুরি খাত হিসেবে অগ্রাধিকার প্রদান করেছে। কিন্তু তথ্য ও যোগাযোগপ্রযুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারছে না। অন্যদিকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির মৌল ভিত্তি যে টেলিযোগাযোগ প্রযুক্তি, সেটি রয়ে গেছে ডাক ও টেলিযোগাযোগ নামে সম্পূর্ণ পৃথক একটি মন্ত্রণালয়ের অধীনে। সার্বিক কারণেই তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ক্ষেত্রে সমন্বয়হীনতা দেখা দিয়েছে, যা ব্যাহত করছে কাঙ্ক্ষিত জাতীয় উন্নয়নকে।’জানা গেছে, এই চিঠির পর মন্ত্রণালয় আলাদা করার প্রক্রিয়া শুরু করা হয়। এর পরই যোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয় সৈয়দ আবুল হোসেনকে। তবে শুরুতে তাঁকে কম গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে দেওয়া হয়েছে মনে করা হলেও এখন তাঁর হাতেই যাচ্ছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাত। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ সৈয়দ আবুল হোসেনের হাতে টেলিযোগাযোগ খাত দেওয়ার বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘এটা তো প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। এত সব দুর্নীতির অভিযোগের পরও কেন যে প্রধানমন্ত্রী তাঁর ওপর আস্থা রাখছেন, সেটা তিনিই জানেন। এ ছাড়া যোগাযোগ মন্ত্রণালয় চালাতে তিনি সফল হননি। এখন টেলিযোগাযোগ মন্ত্রণালয় তাঁর হাতে দেওয়ার পর আবুল হোসেন আবারও ব্যর্থ হলে এর দায়দায়িত্ব বর্তাবে প্রধানমন্ত্রীর ওপর।’ সৈয়দ আবুলের কাছেই অর্থের ভান্ডার: মন্ত্রী আবুল হোসেনের আওতায় দেশের সবকটি মুঠোফোন কোম্পানিসহ টেলিযোগাযোগ-সংশ্লিষ্ট সব ধরনের প্রতিষ্ঠানের কর্তৃত্ব চলে আসছে। টেলিযোগাযোগ খাত চালাতে যাবতীয় নীতিমালা তৈরি হয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি)। হাজার কোটি টাকার লাইসেন্স দেওয়া হয় এ মন্ত্রণালয় থেকে। বিপুল পরিমাণ রাজস্ব এই খাত থেকে সরকার পায় এবং এসব প্রতিষ্ঠানে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ বিদেশি বিনিয়োগ হয়ে থাকে।এর আগে বিগত আওয়ামী লীগের সময় দুটি পাসপোর্ট ব্যবহার করায় মন্ত্রিত্ব হারিয়েছিলেন আবুল হোসেন। তবে দুর্নীতি ও ব্যর্থতার অভিযোগ থাকলেও এবার তিনি আরও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। এম হাফিজউদ্দিন খান এ নিয়ে আরও বলেন, ‘কোন উদ্দেশ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ভাগ করা হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে না। এমনিতেই যুগের সঙ্গে তাল মিলিয়ে ডাকের ব্যবহার কমে গেছে। এ মুহূর্তে বাংলাদেশে আলাদা করে ডাক মন্ত্রণালয় তৈরির কোনো কারণ নেই। মন্ত্রণালয়ের এই ভাঙাগড়াকে স্রেফ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে হচ্ছে।’