মন্ত্রীকে দুঃখপ্রকাশ করতেও দেখলাম না
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ বলেছেন, ‘মেঘনায় লঞ্চডুবির মতো এত বড় একটি দুর্ঘটনা ঘটলেও নৌপরিবহন মন্ত্রণালয় কোনো বিবৃতি দেয়নি। ওই মন্ত্রণালয়ের মন্ত্রীকে কোনো দুঃখপ্রকাশ করতেও দেখলাম না।’আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে এ কে আজাদা এ কথা বলেন। আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবস উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এই সেমিনারের আয়োজন করে।এ কে আজাদ বলেন, দেশে যদি আইনের শাসন না থাকে, তাহলে কোনোকিছুই ঠিক হবে না। ১০ বছর আগে থেকে যদি লঞ্চডুবির সব ঘটনার বিচার হতো, যদি প্রতিটি সড়ক দুর্ঘটনার বিচার হতো, তাহলে আজ গজারিয়ায় লঞ্চডুবির মতো ঘটত না। আজাদ বলেন, কিছু লোক সম্পদের পাহাড় গড়ে তুলছেন। তাঁরা ঠিকভাবে করও দিচ্ছেন না। সারা দেশে ৩০ লাখ মানুষের টিন নম্বর আছে। কিন্তু আয়কর দেয় মাত্র ১০ লাখ লোক। বছরে কমপক্ষে দুই কোটি মানুষের কর দেওয়া উচিত।শেয়ারবাজার প্রসঙ্গে এফবিসিসিআই সভাপতি বলেন, শেয়ারবাজারে উত্থান-পতন থাকবে। কিন্তু একে ফুলানো-ফাঁপানো হয়েছে। দুজন ব্যক্তি শেয়ারবাজারের কারণে আত্মহত্যা করেছেন। তিনি বলেন, ‘যেসব ব্যক্তি তাঁদের সম্পদ ও আয়ের উচ্চমূল্য দেখিয়ে বাজারে কারসাজি করেছেন, তাঁদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।’সাংসদদের সমালোচনা করে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘অনেক সংসদ সদস্যই ভাতা নেন কিন্তু সংসদে যান না। আমাদের ট্যাক্সের টাকায় আপনারা ভাতা নিচ্ছেন, এসির বাতাস খাচ্ছেন। আপনাদের মধ্যে অনেক মতভেদ দেখি। কিন্তু শুল্কমুক্ত গাড়ি নেওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি দেখি না। একজন সংসদ সদস্যও এর বিরুদ্ধে বলেন না।’