মন্ত্রীকে প্রশ্ন করায় বস্তিবাসী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রীকে প্রশ্ন করায় কৃষক শিলাদিত্যর পরে এবার আটক হলেন বস্তিবাসী প্রতাপ নস্কর। গতকাল শনিবার ভোররাতে কলকাতার অদূরে মহেশতলায় আগুনে পুড়ে যায় বস্তির ৭০০টি ঘর। আজ রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন পশ্চিমবঙ্গের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম। এ সময় বস্তিবাসী প্রতাপ প্রশ্ন করে বসেন, ‘মুখ্যমন্ত্রী এলেন না?’ এতেই ক্ষুব্ধ হন মন্ত্রী। সেখান থেকে পুলিশ আটক করে প্রতাপ নস্করকে। গত বছরের আগস্ট মাসে মেদিনীপুরের এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করে আটক হয়েছিলেন কৃষক শিলাদিত্য চৌধুরী। বস্তিবাসীদের অভিযোগ, অগ্নিকাণ্ডে প্রোমোটারের হাত রয়েছে। সরকারি দলের নেতাদেরও এতে মদদ রয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। অগ্নিকাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে ‘ছোট ঘটনা’ বলে মন্তব্য করেন।বস্তিবাসী প্রতাপকে আটকের পরে সেখানে খবর সংগ্রহ করতে যাওয়া একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক ও চিত্রগ্রাহককে সরকারি দলের সমর্থকেরা মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।