পৌরসভা নির্বাচনে অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকায় সরকারি দল-সমর্থিত প্রার্থীদের ভরাডুবি হয়েছে। অনেক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায়ও আসতে পারেননি। এ রকম অবস্থায় বিব্রত দলীয় নীতিনির্ধারকেরা।সূত্র জানায়, স্থানীয় নির্বাচন হলেও পৌরসভা নির্বাচনের ফলাফলে উদ্বিগ্ন আওয়ামী লীগ। গত সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর সরকারের ক্ষমতার মেয়াদের মাঝপথে এ রকম হোঁচট খেতে হবে, তা ভাবতে পারেননি দলের নেতৃত্ব; বিশেষ করে মন্ত্রী, প্রতিমন্ত্রী, চিফ হুইপ, হুইপ ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও প্রভাবশালী সাংসদদের নির্বাচনী এলাকায় দলীয় প্রার্থীদের পরাজয় নিয়ে দলে নানা রকম আলোচনা হচ্ছে।সূত্র জানায়, পৌরসভা নির্বাচনে দলীয় অভ্যন্তরীণ বিশৃঙ্খলা, কোন্দল, বহু বিদ্রোহী প্রার্থী তথা সার্বিক ফলাফলে ক্ষুব্ধ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বুধবার সন্ধ্যায় দেশে ফিরেই তিনি দলীয় তিন নেতাকে গণভবনে ডেকে অসন্তোষের কথা জানান। প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামকে পৌরসভার নির্বাচনের সার্বিক ফলাফল নিয়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দেশের কোন অঞ্চলে কেমন ফলাফল হলো, বিদ্রোহী প্রার্থী কোথায়, কী কারণে ছিল, দলীয় কোন্দল ও বিশৃঙ্খলাসহ দল-সমর্থিত প্রার্থীদের পরাজয়ের কারণ জানাতে বলা হয়েছে। সূত্র জানায়, বুধবারের বৈঠকে দলীয় সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহকে সারা দেশে সাংগঠনিক খোঁজখবর রাখার দায়িত্ব দেন প্রধানমন্ত্রী।শুধু মন্ত্রী নন, রাষ্ট্রপতির এলাকায়ও পরাজয়: রাষ্ট্রপতি জিল্লুর রহমানের এলাকা ভৈরবে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সায়দুল্লাহ মিয়া তৃতীয় হয়েছেন। রাষ্ট্রপতির ছেলে নাজমুল হাসানসহ ভৈরবের বিশিষ্ট ব্যক্তিরা মাঠে নেমেও সায়দুল্লাহ মিয়াকে প্রতিদ্বন্দ্বিতায় আনতে পারেননি। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফখরুল আলমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী শাহীন মিয়া। অবশ্য রাষ্ট্রপতির এলাকার অপর পৌরসভা কুলিয়ারচরে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবুল হোসেন বিজয়ী হয়েছেন। মন্ত্রী পদমর্যাদায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর এলাকা নগরকান্দায় বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন। সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবর দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নামলেও প্রার্থী হেরেছেন। এখানে ভোটের আগের দিন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী পরিবর্তন করায় ভোটাররা বিভ্রান্ত হয়েছেন বলে আলোচনা আছে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নির্বাচনী এলাকা নকলা ও নালিতাবাড়ীর দুটি পৌরসভাতেই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হেরেছেন। পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের এলাকা সুজানগরেও দলীয় প্রার্থী তৃতীয় হয়েছেন। তবে বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন।শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের এলাকা ফরিদপুর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী তৃতীয় হয়েছেন। ভূমিমন্ত্রীর এলাকা জামালপুর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীকে ১৯ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে বিএনপির প্রার্থী বিজয়ী হন। একই জেলার বাসিন্দা তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের এলাকা দেওয়ানগঞ্জে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবুল কালাম আজাদ। এখানে দলীয় প্রার্থী চতুর্থ হয়েছেন। সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের এলাকা চুনারুঘাটে বিএনপির প্রার্থী জিতেছেন। আর মাধবপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হলেও দলীয় প্রার্থী তৃতীয় হয়েছেন।খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের এলাকা মধুপুরে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হেরেছেন। অবশ্য ধনবাড়ীতে দলীয় প্রার্থী বিজয়ী হয়েছেন। মন্ত্রীর পদমর্যাদায় জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদের এলাকা আওয়ামী লীগের ঘাঁটি বলে পরিচিত শ্রীমঙ্গলে আওয়ামী লীগের প্রার্থী তৃতীয় এবং কমলগঞ্জে দ্বিতীয় হয়েছেন। এই জেলার পাঁচটি পৌরসভাতেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হন। দলীয় প্রার্থীর পরাজয়ে চিফ হুইপের ভূমিকা রয়েছে বলে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা আছে। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় হুইপ মির্জা আজমের এলাকা মেলান্দহে বিএনপির প্রার্থী একই দলের বিদ্রোহী প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন। এখানে আওয়ামী লীগের প্রার্থী তৃতীয় হয়েছেন। মাদারগঞ্জে মির্জা আজমের ছোটভাই বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। হুইপ আবদুল ওহাবের এলাকায় বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এলাকা নাটোর, বিদ্যুৎ প্রতিমন্ত্রীর এলাকা চাঁপাইনবাবগঞ্জ, ভূমি প্রতিমন্ত্রীর এলাকা দিনাজপুর, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের এলাকা রাঙামাটিতে দলীয় প্রার্থীরা হেরেছেন।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীরের এলাকা কচুয়ায় বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন। এখানে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন ছয়জন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলামের এলাকা শাহরাস্তিতে বিজয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী। আর আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সাতজন। তবে বিএনপির মূল প্রার্থী ও বিদ্রোহী প্রার্থী মিলে আওয়ামী লীগের সাত প্রার্থীর চেয়েও বেশি ভোট পেয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুস সালামের এলাকা নান্দাইলে বিজয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী।সূত্র জানায়, অভ্যন্তরীণ কোন্দল ছাড়াও মন্ত্রী-সাংসদদের সঙ্গে এলাকায় নেতা-কর্মীদের একটা দূরত্ব তৈরি হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে যোগ্য প্রার্থী বাছাই করতেও সমর্থ হয়নি আওয়ামী লীগের নেতৃত্ব। যে কারণে যথেষ্ট সংখ্যক বিদ্রোহী প্রার্থী এবার বিজয়ী হয়েছেন। আবার কোথাও কোথাও কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের সাংসদ। এসব কারণে পৌরসভা নির্বাচনে ফল বিপর্যয় হয়েছে বলে মনে করে আওয়ামী লীগের উচ্চপর্যায়। পৌরসভা নির্বাচনে খারাপ ফলাফলের জন্য আওয়ামী লীগের কেউ কেউ মনে করেন, দল ক্ষমতায় যাওয়ায় সবার আশা-আকাঙ্ক্ষা বেড়ে গেছে। কিন্তু সে অনুযায়ী নেতা-কর্মীদের আশা পূরণ হচ্ছে না। মন্ত্রী ও সাংসদদের আত্মীয়স্বজন বেশি সুবিধা পাচ্ছেন। এ জন্য দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দূরত্ব বেড়েছে।মন্ত্রীদের এলাকায় খারাপ ফলাফলের জন্য তাঁদের কেউ মুখ খুলতে চাননি। তবে বেশ কয়েকজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, নির্বাচনে দল ভালো করতে না পারলেও সরকার বিজয়ী হয়েছে। দলীয় সরকারের অধীনে যে ভালো নির্বাচন হয়, তা এবার প্রমাণিত হয়েছে। তা ছাড়া নির্বাচন কমিশনেরও একটি পরিষ্কার ভাবমূর্তি গড়ে উঠেছে। এটা সার্বিকভাবে দেশের গণতন্ত্রের বিজয় ও সরকারের সাফল্য।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ প্রথম আলোকে বলেন, এটা স্থানীয় নির্বাচন। দলীয় প্রতীক নিয়ে নির্বাচন হয়নি। স্থানীয় নির্বাচনে স্থানীয় রাজনীতি ও আঞ্চলিকতার ভালো ভূমিকা থাকে। তা ছাড়া আওয়ামী লীগ ৯২টি পৌরসভায় বিজয়ী হয়েছে। এটাকে খারাপ ফল বলা যাবে না।