মন্ত্রীদের কাজের মূল্যায়নে ফার্স্ট হয়েছি: শ্রমমন্ত্রী
‘বর্তমান মহাজোট সরকার ৬ জানুয়ারি এক বছর পূরণ করেছে। ওই দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে সব মন্ত্রীর এক বছরের কাজের মূল্যায়ন করা হয়েছে। এ মূল্যায়নে আমি ফার্স্ট হয়েছি।’ এভাবেই মন্ত্রী হিসেবে নিজের সাফল্য দাবি করলেন শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। গতকাল বৃহস্পতিবার রাতে সরকারের এক বছরপূর্তি উপলক্ষে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা শিল্পকলা একাডেমী আয়োজিত লোকজ সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠানে শ্রমমন্ত্রী এ কথা বলেন।মন্ত্রী বলেন, ‘পদ্মার ওপর মাওয়া ও পাটুরিয়ায় দুটি সেতু নির্মিত হবে। সেতু দুটি নির্মাণের কাজ একসঙ্গে শুরু করার জন্য আমি কাজ করে যাচ্ছি।’ তিনি জানান, পদ্মা সেতু হলে ফরিদপুরে আবার রেল চলাচল শুরু হবে। তখন রেলপথে ফরিদপুর থেকে বরিশাল হয়ে কুয়াকাটা, খুলনা থেকে মংলা পর্যন্ত যাওয়া যাবে।১৯৯৬ সালে নিজের অবস্থার কথা প্রসঙ্গে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘তখন দল রাষ্ট্রক্ষমতায় থাকলেও আমি ছিলাম ফেল করা নেতা।’ দল ক্ষমতায় অথচ আর্থিকভাবে লাভবান হতে না পেরে দলের অনেকে অসন্তুষ্ট রয়েছেন মন্তব্য করে তিনি বলেন, ‘ফরিদপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি করতে হলে আমার লাশের ওপর দিয়ে করতে হবে। আমার বাড়িতে সন্ত্রাসী থাকলে তাদের ধরতে পুলিশ ও র্যাব যাবে।’ ফরিদপুর সদরের সব কাঁচারাস্তা আগামী দুই বছরের মধ্যে পাকা করে দেওয়ার আশ্বাস দেন শ্রমমন্ত্রী। তিনি জানান, আগামী দুই মাসের মধ্যে প্রধানমন্ত্রী ফরিদপুরে এসে সরকারি রাজেন্দ্র কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দেবেন। তিনি ফরিদপুরের স্বাস্থ্য ও শিক্ষার মান এমন পর্যায়ে নিয়ে যাওয়ার ঘোষণা দেন যাতে এখানকার কাউকে পদ্মা পাড়ি দিয়ে ঢাকা বা কলকাতায় যেতে না হয়।শ্রমমন্ত্রী আরও বলেন, ‘ফরিদপুরে আমার অবর্তমানে আমার অনুজ খন্দকার মহতেশাম হোসেন আমার পক্ষে দায়িত্ব পালন করেন। সে (মহতেশাম) জনগণের সেবা করার জন্য স্ত্রী ও ছেলেমেয়েকে ঢাকায় রেখে ফরিদপুরে পড়ে আছেন শুধু ফরিদপুরবাসীকে সাহায্য করার জন্য।’ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক সমকাল-এর প্রকাশক এ কে আজাদ।