মন্ত্রীদের দলমুখী হওয়ার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজার পরই আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সম্মেলন শুরু হচ্ছে। ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে পর্যায়ক্রমে ইউনিয়ন, উপজেলা ও জেলা সম্মেলন হবে। একই সঙ্গে দলের সহযোগী সংগঠনের সম্মেলনও রোজার পর শুরু হবে।ধানমন্ডির দলীয় কার্যালয়ে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠকে এ ব্যাপারে মতৈক্য হয়। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের পরবর্তী বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এসব তথ্য দেন।তৃণমূলে সম্মেলন শুরুর আগেই বৃহত্তর ১৯টি জেলায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জনসভা হবে। রোজার আগেই এই সাংগঠনিক সফর শেষ করা হবে। গতকালের বৈঠকে এ বিষয়েও সিদ্ধান্ত হয়। সাংগঠনিক সম্পাদকদের সফরসূচি তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। ২০ জুলাই থেকে সফর শুরু হতে পারে।সৈয়দ আশরাফ বলেন, আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে পূর্ণ প্রস্তুত করা হবে, যাতে নির্বাচনে পুরো শক্তি নিয়ে দল মাঠে নামতে পারে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিরোধী দল এমন কোনো আন্দোলন করছে না যে আওয়ামী লীগকে তা মোকাবিলা করতে হবে।বৈঠক সূত্র জানায়, সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার এবং দলীয় প্রচার বাড়াতে বলা হয়েছে। একই সঙ্গে মন্ত্রীদের দলমুখী হতে বলা হয়েছে। সকল পর্যায়ে গ্রুপিং-লবিং নিরসনের জন্য সাংগঠনিক সম্পাদকদের উদ্যোগী হতে বলা হয়েছে। যে ১১টি জেলায় দীর্ঘদিন ধরে সম্মেলন হচ্ছে না, সেগুলোর আগে সম্মেলন করার জন্য বৈঠকে মতৈক্য হয়। উল্লেখ্য, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, ফেনী, বরিশাল জেলা ও মহানগর, কুমিল্লা উত্তর ও দক্ষিণ, পটুয়াখালী, পিরোজপুর, সুনামগঞ্জ জেলায় ১৫-১৬ বছর ধরে সম্মেলন হচ্ছে না।বৈঠক শেষে সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন হওয়ায় তা গঠনতন্ত্র অনুসারে মহানগর কমিটির মর্যাদা পাবে। পাশাপাশি এ দুটির জেলা কমিটিও করা যায় কি না, সে ব্যাপারে আলোচনা হয়। তবে সিদ্ধান্ত হবে কার্যনির্বাহী কমিটির বৈঠকে। তিনি জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বলে সরকারি কর্মসূচির সঙ্গে সমন্বয় করে দলীয় কর্মসূচি ঠিক করা হবে। এ ছাড়া দলের সদস্য সংগ্রহ অভিযান জোরদার করা হবে। এটা একটা অব্যাহত প্রক্রিয়া। সব সময়ই এ অভিযান চলবে। ওয়ার্ড সম্মেলনে সদস্য রসিদ ছাড়া কেউ ভোটার হতে পারবে না। বৈঠকে সভাপতিত্ব করেন সৈয়দ আশরাফুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুব উল আলম হানিফ, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম, আ হ ম মুস্তফা কামাল, আবদুল মতিন খসরু, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।