মন্ত্রীদের পদত্যাগই বলে দেয় সরকার দুর্নীতিতে সম্পৃক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিশ্বব্যাংক বলেছে, দুর্নীতিবাজ মন্ত্রীরা না সরলে তারা কোনো ঋণ দেবে না। সরকারের মন্ত্রীদের একের পর এক পদত্যাগই বলে দেয়, এ সরকার দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত।’ আজ বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ মাঠে গণসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ‘দক্ষিণাঞ্চলের লক্ষ-কোটি মানুষের দুর্ভোগের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মহাজোট সরকার পদ্মা সেতুর নামে ব্যাপক লুটপাট ও দুর্নীতি করেছে। সরকারের মন্ত্রীদের দুর্নীতির কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’ বিএনপির এই নেতা বলেন, ‘ক্ষমতাসীন মহাজোট সরকার দেশে সব ক্ষেত্রে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিএনপির জনপ্রিয়তা দেখে ষড়যন্ত্র শুরু করেছে। তারা যত দিন ক্ষমতায় থাকবে, তত দিন দেশ পিছিয়ে থাকবে, কোনো উন্নয়ন হবে না। বাংলাদেশকে একটি দুর্নীতিপরায়ণ ও চোরের দেশ হিসেবে বিশ্ববাসীর কাছে মাথা নত করে থাকতে হবে। তাই বিশ্ববাসীর সামনে দেশের সম্মান ফিরিয়ে আনতে এই সরকারকে হটিয়ে প্রতিষ্ঠা করতে হবে দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার।’প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘গত নির্বাচনের আগে ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার কথা বলে ক্ষমতায় এসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে গেছেন। তার পরও বলছেন দেশ ভালো চলছে। আপনার কাছে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ নিরাপদ নয়। কৃষকেরা পণ্যের দাম পাচ্ছেন না, শ্রমিকের কাজ নেই, আর সাধারণ মানুষ দুবেলা পেট পুরে খেতে হিমশিম খাচ্ছে। কিন্তু আপনার দলের লোকজন অসহায় মানুষের বরাদ্দ লুটপাট করে মহা সুখে আছে।’মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হামিদ, কৃষক দলের নেতা আবুল কাসেম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুলফিকার আলী।