মন্ত্রীদের বেতনের ওপর করারোপের প্রস্তাব অনুমোদন
মন্ত্রীদের বেতনের ওপর করারোপের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। এটি সংসদে পাস হলেই মন্ত্রী-প্রতিমন্ত্রী সবাইকে কর দিতে হবে। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ-সংক্রান্ত দুটি প্রস্তাব অনুমোদিত হয়।বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, বৈঠকে দ্য প্রাইম মিনিস্টার (রেমুনারেশন অ্যান্ড পিভিলেজেস) অ্যাক্ট-১৯৭৫ এবং দ্য মিনিস্টারস, মিনিস্টারস অব স্টেট, ডেপুটি মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড পিভিলেজেস) অ্যাক্ট-১৯৭৩-এর সংশোধনী প্রস্তাব অনুমোদিত হয়েছে। কর্মকর্তারা জানান, মন্ত্রিসভায় অনুমোদিত এ প্রস্তাব সংসদে যাবে। এরপর তা চূড়ান্ত হবে। গত বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতন করের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন।এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকে আজ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১১-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বলেছেন, মানি লন্ডারিং প্রতিরোধ আইনকে আন্তর্জাতিক মানের করার জন্য সংশোধন করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে কেউ যাতে অর্থ সহায়তা করতে না পারেন, আইনে তার ওপর জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড হলে সর্বোচ্চ ১২ বছর ও সর্বনিম্ন চার বছরের কারাদণ্ড হতে পারে। এ ব্যাপারে মিথ্যা তথ্য দিলে শাস্তি হবে তিন বছরের কারাদণ্ড। এ ছাড়া আইনে আরও বলা হয়, কেউ যদি ২০ লাখ টাকার নিচে মানি লন্ডারিং করেন, তাহলে তাঁকে ওই ২০ লাখ টাকার সঙ্গে আরও ২০ লাখ টাকা জরিমানা দিতে হবে। অর্থাত্ জরিমানা মানি লন্ডারিং এর টাকার দ্বিগুণ হবে।