মন্ত্রীর অনুষ্ঠানে ছয় কোচিং সেন্টারের পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার অনুষ্ঠানে ছয়টি কোচিং সেন্টারের পরিচালক ছিলেন আমন্ত্রিত অতিথি। মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশ নামের একটি সংগঠনের আমন্ত্রণে আজ শুক্রবার রাজশাহীতে ক্যারিয়ার কাউন্সিলিং সেমিনারে যোগ দেন মন্ত্রী। সকাল ১০টার দিকে রাজশাহী শিল্পকলা একাডেমীতে আয়োজিত এ সেমিনারে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া বৃত্তির প্রথম পর্বের ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামানের এ অনুষ্ঠান উদ্বোধন করার কথা ছিল। তবে তিনি অনুষ্ঠানে উপস্থিত হননি। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তানবিরুল আলম এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডস ভার্সিটি কোচিংয়ের রাজশাহী অঞ্চলের পরিচালক মুক্তার হোসেন, অ্যাম্বিশন প্লাসের নির্বাহী প্রধান জামাল উদ্দিন, এনইউসিসির রাজশাহী শাখার পরিচালক আবুল হোসেন আকাশের একজন প্রতিনিধি লিখন, ব্লুমিং রোজের চেয়ারম্যান গোলাম মোস্তফা, ইউনিএইডের পরিচালক তোজাম্মেল হক, লাইসিয়ামের পরিচালক আবুল বাশার। আরও তিনটি কোচিং সেন্টারের পরিচালকের নাম আমন্ত্রণপত্রে থাকলেও তাঁরা অনুপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অনুপস্থিত থাকার ব্যাপারে জানতে চাইলে মেয়র বলেন, অনুষ্ঠানটির ব্যাপারে তাঁর সঙ্গে যথাযথ সমন্বয় করা হয়নি। অনুষ্ঠানের বিষয়ে তাঁকে পরিষ্কার ধারণাও দেওয়া হয়নি। গত ২১ জুলাই শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ে রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজপ্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় কোচিং সেন্টার বন্ধের জন্য অনুরোধ জানান। তার পরও রাজশাহীতে কোচিং সেন্টার সংশ্লিষ্ট অনুষ্ঠানে যোগ দেওয়ার ব্যাপারে শিল্পমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বলে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁকে বলা হয়নি যে কোচিং সেন্টারের লোকজনকে এ অনুষ্ঠান ওইভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। কোচিং সেন্টারের পরিচালকদের আমন্ত্রণ জানানোর ব্যাপারে মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম এম বাদশাহ বলেন, যেহেতু কোচিং সেন্টারের পরিচালকেরা শিক্ষার্থীদের সঙ্গে কাজ করেন তাই তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছিল।