মন্ত্রীর আশ্বাসের পরও দেরিতে ছাড়ল ট্রেন
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন আবারও নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ার আশ্বাস দিয়েছেন। গতকাল সোমবার কমলাপুর রেলস্টেশনে যোগাযোগমন্ত্রী বলেন, যাত্রীদের পৌঁছে দিতে পারলেই নিজেকে সফল মনে করবেন। তিনি এসময় জানান, গতকাল সোমবার সকাল থেকে প্রায় সব ট্রেনই সময়মতো ছাড়ছে। উপস্থিত সাংবাদিকদের এ কথা বলার পরও দুটি ট্রেনকে দেরিতে প্ল্যাটফর্ম ছাড়তে দেখা গেছে।মন্ত্রী গতকাল সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টা স্টেশনের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। তাঁর সঙ্গে ছিলেন রেলসচিব মো. এবাদত আলী, রেলওয়ের মহাপরিচালক মো. আবু তাহেরসহ যোগাযোগ মন্ত্রণালয় ও রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।পর পর কয়েক দিন কমলাপুর স্টেশন পরিদর্শন সম্পর্কে সৈয়দ আবুল হোসেন বলেন, ‘স্টেশনে যাত্রীরা আমাকে যা বলছে আর গণমাধ্যমে যা প্রকাশিত হচ্ছে, সেগুলোর সত্যতা যাচাই করতেই আমি বারবার পরিদর্শনে আসছি।’ তিনি বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও রেল কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে ট্রেন চলাচল নিশ্চিত করার চেষ্টা করছে। ট্রেন দেরি হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘প্রতিটি স্টপেজে আগে ট্রেন পাঁচ মিনিট দাঁড়াত। এখন যাত্রী বেশি হওয়ায় স্টপেজে ট্রেন দাঁড়াচ্ছে কম করে হলেও ৩০ থেকে ৪০ মিনিট। এতে করে নির্ধারিত সময়ের চেয়ে এক-দেড় ঘণ্টা দেরি করছে ট্রেনগুলো।’যাত্রীদের বিড়ম্বনা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘প্রতিদিন আসছি। পারলে কালকেও আসব, যাতে করে যাত্রীদের সুবিধা-অসুবিধা খেয়াল রাখা যায়।’ তিনি বলেন, ‘আমি স্টেশনে এলে কর্মকর্তাদের মধ্যেও কাজের প্রেরণা বাড়ে।’পরিদর্শনকালে মন্ত্রী নারী ও প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত কাউন্টারের সামনে টিকিট-ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সুবিধা-অসুবিধা জেনে তা তাৎ ক্ষণিক সমাধানের জন্য রেল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।