মন্ত্রীর উপস্থিতিতে খাবার নিয়ে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতবিনিময় সভায় দলীয় নেতা-কর্মীদের নাম ঘোষণা না করা এবং দুপুরের খাবার বিতরণ নিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হলরুমে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল বিশ্বাসের মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।জানা গেছে, মতবিনিময় সভার উপস্থাপক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক ছাত্রলীগের নেতাদের নাম ঘোষণা বা পরিচয় করিয়ে না দেওয়ায় ছাত্রলীগের নেতারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ নিয়ে একপর্যায়ে মন্ত্রীর সামনেই ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি শান্ত করে সভা সমাপ্ত করে মন্ত্রী নবীগঞ্জ ডাকবাংলোয় দুপুরের খাবার খেতে যান। খাবারের সময়ও প্যাকেট নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু করেন। এতে দুপুরের খাবার না খেয়েই মন্ত্রী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক হাবিবুর রহমান বলেন, আওয়ামী লীগের কারণেই মন্ত্রীর সামনে এ সমস্যার সৃষ্টি হয়েছে।আবু সিদ্দিক বলেন, সভায় উপস্থিত নেতাদের নাম ঘোষণা নিয়ে ছাত্রলীগের নেতারা অসন্তোষ প্রকাশ করেছেন। এ নিয়ে সামান্য সমস্যা দেখা দিলেও পরে তার সমাধান হয়।উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বলেন, বড় কোনো সমস্যা নয়, শুধু দুপুরের খাবার নিয়ে সমস্যা হয়েছিল।