মন্ত্রীর কর্মকর্তাদের সাংসদ গিয়াসের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও এলাকার সাংসদ গিয়াস উদ্দিন আহম্মেদ এবার প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এবং একান্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তাকে গালাগাল ও হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ে একটি কাগজের ফটোকপি দিতে দেরি হওয়ায় সাংসদ তাঁদের গালাগাল ও হুমকি দেন। মন্ত্রণালয়ের কর্মকর্তারা অভিযোগ করেন, ওই সাংসদ দুপুরে কাজের জন্য প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিনের দপ্তরে যান। তখন সাংসদ তাঁর ব্যক্তিগত কর্মকর্তাদের দিয়ে একটি কাগজ ফটোকপি ও ফ্যাক্স করার জন্য মন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের কাছে পাঠান। কিন্তু ওই কাগজ ফটোকপি ও ফ্যাক্স করতে দেরি করায় সাংসদ মন্ত্রণালয় থেকে বের হয়ে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ ও মন্ত্রীর একান্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তা মাইনুদ্দিনকে গালাগাল ও হুমকি দেন। ওই দুই কর্মকর্তা গালাগালির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাঁরা এ ব্যাপারে বিস্তারিত জানাননি। এ প্রসঙ্গে মন্ত্রী আফসারুল আমিন প্রথম আলো ডটকমকে বলেন, ‘ভুল-বোঝাবুঝি হয়েছিল, মিটমাট হয়ে গেছে।’তবে এ বিষয়ে সাংসদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।